‘বিগ বস’ বাংলার ঘরে রাজকীয় এন্ট্রি জীতুর। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দ্বিতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জীতু কমল। কয়েক দিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ১২ সেপ্টেম্বর সমস্ত জল্পনায় সিলমোহর দিয়ে রাজকীয় কায়দায় বিগ বসের মঞ্চে এন্ট্রি নিলেন ‘অপরাজিত’ খ্যাত জীতু। তবে যে সে এন্ট্রি নয়, একেবারে শাহরুখের ‘জওয়ান’–এর সংলাপ মুখে ‘কিং স্টাইলে’ এন্ট্রি নিলেন জীতু।
আরও পড়ুন: আজ কত দর সোনা রুপোর দেখে নিন এক নজরে
চলতি সিজনে এর আগে ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেছেন রাজবীর দে। তাঁর প্রবেশের পর থেকেই ঘরের সম্পর্ক এবং সমীকরণে বেশ কিছু পরিবর্তন এসেছে। আর এবার দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হল জীতুর। টেলিভিশন থেকে বড় পর্দা, জীতু কমল বিনোদন জগতের পরিচিত মুখ। তবে ২০২২ সালে ‘অপরাজিত’ ছবিটি তাঁকে জাতীয় স্তরে পরিচিতি দেয়। সেই জীতু যখন এন্ট্রি নিলেন তখন ব্যাকগ্রাউন্ডে বাজছিল শাহরুখের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর জনপ্রিয় সিগনেচার টিউন। গৃহপ্রবেশের আগেই তাঁর এই ধামাকাদার পারফরম্যান্স ও অ্যাটিটিউড দেখে দর্শকরা ইতিমধ্যেই মজেছেন জীতু-ম্যাজিকে।
আরও পড়ুন: রবিবাসরীয় মেট্রো বন্ধে চূড়ান্ত যাত্রী ভোগান্তি, আংশিক ব্যাহত ট্রেন পরিষেবাও!
বিগ বসের মূল ঘরে ঢোকার আগে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হন জীতু। সেখানে ‘দাদা’ তাঁকে ঘরের ভেতরের কঠিন পরিস্থিতি নিয়ে আগেভাগেই সতর্ক করে দেন। সৌরভ স্পষ্ট জানিয়ে দেন, বাইরে জীতু যতই বড় তারকা হোন না কেন, ঘরের ভেতরে বাকি ১৫ জন প্রতিযোগীর সঙ্গে সমান টক্কর দিয়ে তাঁকে নিজের জায়গা তৈরি করতে হবে। তবে দাবার ছক উল্টে দেওয়ার ইঙ্গিত দিয়ে জীতু বুঝিয়ে দিয়েছেন, তিনিও তৈরি।
আরও পড়ুন: দেব দেবদাস হলে পারো আর চন্দ্রমুখী কারা? সিক্রেট ফাঁস 'দাদাগিরি'র মঞ্চে
বিগ বসের ঘর মানেই কূটনীতি আর ট্রোলিংয়ের ভয় থাকে। হার-জিতের লড়াইয়ে একে অন্যের ক্ষতি করতে দু’বার ভাবে না। চোখের পলকেই ঘটে উলোটপুরাণ! আর সেখানে জীতু ঘরে ঢোকার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, যদি এই শো-তে তিনি জয়ী হতে পারেন, তবে পুরস্কারের ৭৫ শতাংশ অর্থ অনাথ শিশু, গৃহহীন ও বৃদ্ধাশ্রমের অসহায় মানুষদের জন্য দান করবেন। তাঁর এই বড় মনের পরিচয় এবং সমাজসেবার বার্তা অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।
ইতিমধ্যেই শিলিগুড়ির মডেল-অভিনেতা রাজবীর দে প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে ঢুকে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। এবার জীতু কমলের মতো এক প্রতিষ্ঠিত অভিনেতার আগমনে বিগ বসের ঘরের সম্পর্কের সমীকরণ এবং খেলার গতিপথ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
















