পুজোর মুখে শহরে বন্ধ মেট্রো (Kolkata Metro)! পূর্ব ঘোষণা মতেই রবিবার সকাল থেকে সাড়ে ৯ ঘণ্টা ব্লু লাইনে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত। গণেশ বন্দনা আর বিশ্বকর্মা পুজোর সপ্তাহ শুরুর আগে শেষ রবিবারে পাতাল পরিষেবা না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে উৎসবের মরশুমে কেনাকাটা করতে আসা আমজনতাকে। পাশাপশি রবিবার সকাল এগারোটার পর থেকে হাওড়া-বর্ধমান মেন লাইনে একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যথেষ্ট দুর্ভোগের মুখে যাত্রীরা।
আরও পড়ুন: উত্তরে বৃষ্টি অব্যাহত, ছুটির দিনে ভিজবে দক্ষিণবঙ্গও? জানুন আবহাওয়ার আপডেট
কলকাতা শহরের লাইফলাইন হল মেট্রো রেল (Kolkata Metro)। রবিবার অন্যান্য দিনের মতো অফিস টাইমের ভিড় না থাকলেও পুজো পার্বণ কিংবা উৎসবের মরশুমে মহানগরীতে কেনাকাটা করার জন্য সপ্তাহের এই একটিমাত্র ছুটির দিনকেই বেছে নেন সাধারণ মানুষ। সেক্ষেত্রে সহজে নিউমার্কেট বা দক্ষিণ কলকাতার কোনও শপিং মলে পৌঁছতে বেশিরভাগ মানুষই মেট্রো পরিষেবার উপর ভরসা করেন। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল থেকে ব্লু লাইনে কবি সুভাষের বদলে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন (টালিগঞ্জ) পর্যন্ত চালানো হচ্ছে রেক। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্লু লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক রয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের মরশুমে পাতাল পরিষেবার উপর চাপ বাড়বে। তাই তখন যাতে বড় কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে মেট্রোর সার্বিক সুরক্ষা ও পরিকাঠামো খতিয়ে দেখতেই এই পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ভিড় কম থাকে তাই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। তবে যাঁরা জরুরি প্রয়োজনে বেড়িয়েছেন কিংবা শপিং করতে কলকাতায় এসেছেন তাঁরা যথেষ্ট ভোগান্তির মুখে পড়ছেন বলে জানা গিয়েছে।















