সিনেমার কাজ শেষ হলেও প্রাপ্য পারিশ্রমিক পেলেন না সতেন্দ্র সোনি (Satyendra Soni)। বকেয়া চাইতে গেলে তাঁকে শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেতা। একটি ভিডিও পোস্ট করে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন সত্যেন্দ্র। 

আমির খানের প্রযোজনায় 'লাপাতা লেডিজ' ছবিতে স্বল্প সময়ের জন্য হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। এবার মধ্যপ্রদেশে একটি ছবির শুটিং শেষ করার পর তাঁকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে ধাওয়া করেন এবং রাস্তার মাঝেই মারধর করেন। সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বারতায় অভিনেতা জানান, পরিচালক শুধুমাত্র সাইনিং অ্যামাউন্টটুকুই দিয়েছেন। বকেয়া পারিশ্রমিক চাইতেই তাঁকে হোটেল ছাড়ার হুমকি দেন। সতেন্দ্র বলেন, "একটি ছবির শুটিংয়ের জন্য এখানে এসেছিলাম। ছবির পরিচালক পুষ্পেন্দ্রজি। তিনি আমাকে ৫০ হাজার টাকা সাইনিং অ্যামাউন্ট দিয়ে বলেছিলেন, শুটিং শেষ হলে বাকি টাকা দেওয়া হবে। আজ আট দিনের শুটিং শেষ হয়েছে। আমি যখন পারিশ্রমিকের কথা বললাম, তখন তিনি আমাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলেন। এমনকি এটাও বলেন, তোমাকে যেন আর হোটেলে না দেখি। মারধরেরও হুমকি দেন।" কোনও মতে তিনি মুম্বই পৌঁছেছেন বলে জানিয়েছেন। পরিচালকের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।