মহালয়ার বাকি মাত্র মাস দেড়েক। আর মহালয়া মানেই রেডিওতে চন্ডীপাঠ, টিভিতে বর্ণময় আগমনীর বার্তা। মহিষাসুরমর্দিনীকে নিয়ে ছোটপর্দায় হই হই করে শুরু হয়ে গেছে মহালয়ার অনুষ্ঠানের শুটিং পর্ব।

প্রযোজনা সংস্থা নবচিত্র ক্রিয়েশনের তরফে এবছরের মহালয়ায় দুর্গা রূপে ফিরছেন অভিনেত্রী  শ্বেতা ভট্টাচার্য। তাঁদের নিবেদিত "জাগো মা মহিষাসুরমর্দ্দিনী"র প্রভাতি অনুষ্ঠানে এই বছর ভদ্রকালী,কাত্যায়নী মহামায়া ইত্যাদি দেবীর নানা রূপে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। অসুর বধ করেই ক্ষান্ত নন শ্বেতা! শ্রী রামচন্দ্রের হাতে ষষ্ঠী থেকে দশমীর পুজোও নেবেন তিনি দেবী দূর্গা রূপে।

শ্বেতা ছাড়াও এই অনুষ্ঠানে থাকছেন সুদীপ মুখোপাধ্যায়, দেবাদৃতা বসু, সৌনক রায়, ত্রিজিত বন্দ্যোপাধ্যায়, ঋষভ ভৌমিক। রয়েছে আরো অনেক চমক।সমগ্র অনুষ্ঠানটির সৃষ্টিশীল ভাবনায় রয়েছেন সৌরভ চ‍্যাটার্জ্জী,আয়ুশ সেনগুপ্ত ও সবুজ।দেবীর অধিবাস থেকে কলাবৌ স্নান" মায়ের আগমন থেকে গমন সবটাই থাকবে এই আগমনীর অনুষ্ঠানে।যুগে যুগে ধর্ম স্থাপন এবং অধর্মের বিনাশে দেবীর আগমন হয় মর্তে,এই ভাবনা নিয়ে নবচিত্র প্রোডাকশনের বিশেষ নিবেদন "জাগো মা মহিষাসুরমর্দ্দিনী" দেখা যাবে মহালয়ার ভোরে নবচিত্র ক্রিয়েশনেরই ইউটিউব চ্যানেলে।