কখনও শারীরিক হেনস্থার অভিযোগ, কখনও আবার অশালীন ভাষা প্রয়োগ - এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম আকর্ষণ বিগ বস ঘিরে তুমুল সমালোচনা ও নিন্দা নেটপাড়ায়। শোয়ের মধ্যে যেভাবে অপমানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে তাতে দর্শকদের একাংশ তুমুল আপত্তি জানিয়েছেন। এমনকি বাকবিতণ্ডা চালানোর সময় যেভাবে ইংরেজি অপশব্দ ব্যবহার করা হচ্ছে তাতে প্রতিযোগীরা বিগ বসের (Bigg Boss) বকুনিও খেয়েছেন। সমাজমাধ্যমে ইতিমধ্যেই বলাবলি শুরু হয়েছে যে TRP বাড়ানোর জন্য যেভাবে ইচ্ছাকৃতভাবে খারাপ শব্দ প্রয়োগ করে দর্শক টানার চেষ্টা চলছে তা আখেরে গোটা দেশের কাছে বাংলার বিনোদন জগতকে ছোট করে দেখানো ছাড়া আর কিছুই নয়।
খেলার নিয়ম অনুযায়ী কাজ ভাগাভাগি শুরু হতেই প্রথমেই ক্যাপ্টেন ভরত কলের সঙ্গে ঝামেলা শুরু হয় তনুশ্রী রায়ের। কথার পিঠে কথা এতটাই বাড়তে থাকে যে পরিস্থিতি গড়ায় একেবারে কলতলার ঝগড়ার মতো। এখানেই শেষ নয়, সম্প্রতি সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন জয়িতা। পাল্টা প্রতিবাদ করে নিজের স্বপক্ষে যুক্তি তুলে ধরার চেষ্টা করেন বিতর্কিত ইনফ্লুয়েনসার। চিরাচরিত চিৎকার আর একে অন্যের বিরুদ্ধে কথা বলার যে ইতিহাস বারবার হিন্দি বিগ বসের ঘরে দেখা গেছে, এবারে বিগ বস বাংলাতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। অনেকে বলছেন বাংলা বিগ বস হিন্দি রিয়ালিটি শোয়ের হাস্যকর অনুকরণের চেষ্টা করছে। যাতে আখেরে মুখ পুড়ছে টলিউডের।
বিগ বস বাংলার তৃতীয় মরশুম সঞ্চালনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 'দাদাগিরি' ছেড়ে স্টার জলসার পর্যায়ে তিনি নতুন অবতারে ধরা দিতেই ব্যাপক সমালোচনা ও ট্রোলিং শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি। তাঁর কথা বলার ধরণ থেকে অনুষ্ঠান উপস্থাপনা করার জঙ্গিমা অনেকেই মানতে পারছেন না। যত সময় করাচ্ছে ততই বাড়ছে কটুক্তি। এই রিয়ালিটি শো শুরু হওয়ার আগে প্রতিযোগী তালিকা নিয়ে একাধিক জল্পনা ছিল। কিন্তু অনুষ্ঠানে শুরু হতে দেখা যায় সমাজমাধ্যমের একাধিক জনপ্রিয় মুখ এই শো এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বর্তমান প্রতিযোগিদের একাংশকে নিয়েও দর্শকদের মনে যথেষ্ট হতাশা রয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, কোনও একটা অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়ানোর জন্য প্রযোজনা সংস্থা একাধিক স্ট্র্যাটেজি বেছে নেন। কিন্তু যেভাবে বিগ বস বাংলা কলতলার ঝগড়ার সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে সেটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বাঙালিকে যদি তর্ক বা বিতর্কে অংশ নিতে হয় তাহলে "বিষয়বস্তু কি কম পড়িয়াছে?" যেভাবে নিন্দা ও সমালোচনা হচ্ছে তাতে চ্যানেল কর্তৃপক্ষ এই শোতে কোনও বড় ধরনের পরিবর্তন করে কিনা এখন সেটাই দেখায়।
















