বাঙালি দর্শকদের নস্টালজিয়া আর টেলিভিশনের মহাযুদ্ধ এবার একদম ভিন্ন মোড় নিল। ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla) সিজন ৩-এর গ্র্যান্ড প্রিমিয়ারের পর থেকেই চর্চায় ছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু প্রথম সপ্তাহের এলিমিনেশন রাউন্ড আসতেই নেটপাড়ায় শুরু হয়ে গেল তুমুল বিতর্ক ও ট্রোলিং (Trolling)। প্রথম সপ্তাহে শো থেকে আকস্মিক বিদায় হতে হল প্রতিযোগী অনিন্দ্য সেনগুপ্তকে (Anindya Sengupta)। আর অনিন্দ্য আউট হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হল স্বয়ং সঞ্চালক সৌরভকে! টুইটার (এক্স) থেকে ফেসবুক— সর্বত্রই ট্রোলের বন্যা। কিছু নেটিজেন সরাসরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পেশাদারিত্ব এবং বড়ো অঙ্কের চুক্তি নিয়ে প্রশ্ন তুলে বসেন। অনিন্দ্যর পাশে দাঁড়িয়ে কড়া জবাব দিয়েছেন তাঁর অনুগামীরা।
বিতর্কের সূত্রপাত ঘটে প্রথম সপ্তাহের শেষে যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguli) কড়া সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছিল প্রতিযোগীদের। নিয়ম মেনে কম ভোটের কারণে অনিন্দ্যকে ঘর থেকে বিদায় নিতে হয়। এর পরেই এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, "অনিন্দ্যকে শুধু টাকার জন্য এই খেলায় আনা হয়েছিল এবং কাজ শেষে বের করে দেওয়া হল। দাদা, আপনি নিজে যে এই বিশাল অংকের টাকার চুক্তিতে শো হোস্ট করছেন, সেটা কি টাকার জন্য নয়?" লিয়েন্ডার পেজ বা দেবের মতো তারকাদের নিয়ে রিয়্যালিটি শো-এর রদবদল ও সৌরভের বিপুল পারিশ্রমিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি শুরু হয়।
অনিন্দ্যর এই আকস্মিক বিদায় মেনে নিতে পারেননি বহু দর্শক। এক নেটিজেন বলেন, "বিগ বস শো তো আসলে উগ্র মেকআপ করে রান্না, খাওয়া, ঝগড়া আর ন্যাকামি করার শো— যা কোনো শিক্ষামূলক অনুষ্ঠান নয়। অনিন্দ্যর মতো একজন ভালো ও মার্জিত ছেলেকে এই নোংরা রাজনীতির মধ্যে এনে প্রথম সপ্তাহেই আউট করে দেওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক।"
অনিন্দ্যর পাশে দাঁড়িয়েছেন তাঁর বান্ধবী দেবী সাহা। তিনি বলেন, "কেউ কাউকে চেনেই না সেভাবে অথচ একে অপরের কথায় এত আঘাত পেয়ে যাচ্ছে যে তুমুল কান্নাকাটি চলছে ক্যামেরার সামনে। আর সেটা আমরা বিশ্বাস করে নিচ্ছি। কদর্য ভাষায় অন্যকে আক্রমণ করা। নিজেকে বড়ো দেখানোর জন্য অন্যকে ছোট করা এই সবকিছুই আমাদের ভালো লাগছে। অথচ একজন মানুষ রিয়্যালিটি শো তে যদি রিয়্যাল থাকে তাহলেই সমস্যা?" শুধু তাই নয়, তিনি আরও বলেন যে, "শুনেছি বিগ বস নাকি সমাজের প্রতিচ্ছবি। তাহলে কি আমরা সবসময় সমাজে মারপিট, ঝগড়াঝাটি, ফেক জিনিস দেখতে চাই? নাকি একজন মানুষ সৎ থেকে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছে, সেই ছবি দেখতে চাই।" এরপর অনিন্দ্যর ভূয়সী প্রশংসা করে দেবী বলেন, এত কিছুর পরেও অনিন্দ্য কিন্ত কাউকে অসম্মান করেনি, কোনও অভদ্রতা করেনি। এখানেই ও আলাদা।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় অনিন্দ্যর পাশে দাঁড়িয়ে তাঁর সততার প্রশংসা করেন। তিনি জানান, অনিন্দ্য শুধুমাত্র টাকার জন্যই শোয়ে আসার কথা রাখঢাক না রেখে সোজাসুজি স্বীকার করেছেন, যা তাঁর কাছে সৎ ও বাস্তবসম্মত মনে হয়েছে।
ফলে একদিকে অনিন্দ্যর চলে যাওয়া এবং অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ট্রোল হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যে তরজা চলছে তার জল কতদূর গড়ায় সেটাই দেখার। তবে 'বিগ বস বাংলা’র শো প্রথম সপ্তাহেই যে মানুষের মনে উত্তেজনা সৃষ্টি করেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
















