জল্পনা এবং গুঞ্জনই অবশেষে সত্যি হলো। ঘর আলো করে কন্যাসন্তান কৃষভির আগমনের দেড় বছরের মাথায় ফের সুখবর দিলেন টলিপাড়ার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দ্বিতীয়বার সন্তানের অভিভাবক হলেন এই জুটি। এবার তাঁদের কোলে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। কন্যাসন্তানের সঙ্গে মিলিয়েই নবজাতকের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’।
শনিবার সমাজমাধ্যমে যৌথ পরিবার-ছবি পোস্ট করে নিজেদের আনন্দের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন দম্পতি। ছবিতে কন্যা কৃষভিকে কাঞ্চনের কাঁধে দেখা যাচ্ছে, আর পাশে শ্রীময়ী। আবেগে ভেসে তারকা জুটি লিখেছেন, "আজ আমাদের হৃদয় আর সংসার দুটোই আরও একটু পূর্ণ হল। আমাদের মেয়ে কৃষভির ছোট ভাই, কৃষিভ, আজ পৃথিবীতে এসেছে। আমাদের ছোট্ট পরিবার তিন থেকে চার হল। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে আমরা আনন্দে আত্মহারা। জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।"
তবে শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন বেশ কিছু দিন ধরেই টলিপাড়ার অলিন্দে ঘুরপাক খাচ্ছিল। এমনকি এ বিষয়ে সংবাদমাধ্যমে একাধিকবার প্রশ্ন করা হলেও সে কথা সযত্নে এড়িয়ে গিয়েছিলেন দম্পতি। খবরটি আগে থেকে গোপন রাখার পেছনের কারণ ফাঁস করে কাঞ্চন জানিয়েছেন, চিকিৎসকদের দেওয়া ডেট ছিল আগামী আগস্ট মাসে। কিন্তু আচমকাই জরুরি পরিস্থিতির কারণে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হয় শ্রীময়ীকে এবং বিকেলেই জন্ম নেয় তাঁদের ছেলে।
সামাজিক মাধ্যমের বিরূপ কটাক্ষ এড়াতেই এই চরম ব্যক্তিগত সুখবরটি আড়ালে রেখেছিলেন বলে জানান অভিনেতা। তিনি বলেন, "আজকাল সামান্য বিষয় নিয়েও ট্রোল হওয়ার আশঙ্কা থাকে। তাই শ্রীময়ীর গর্ভাবস্থার বিষয়টি আমরা আড়ালেই রেখেছিলাম।" পাশাপাশি শ্রাবণ মাসে পুত্রসন্তানের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করে কাঞ্চন জানান, মা ও সদ্যোজাত— দু’জনেই আপাতত সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আনন্দ ও শুভেচ্ছার বন্যায় ভাসছে মল্লিক পরিবার।
















