রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছিলেন, নিজেকে দাবি করেছিলেন শুধুই একজন ‘শিল্পী’ হিসেবে। কিন্তু শেষরক্ষা হল না। পঞ্জাবি রকস্টার দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) নতুন মিউজিক ভিডিও ‘ডেভিল’ (Devil) মুক্তি পেতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া (social media)। অনুরাগীদের অনুমান, এই গানের ভিজ্যুয়ালে সরাসরি উঠে এসেছে দিল্লির যন্তর মন্তরে হওয়া পড়ুয়াদের সেই উত্তাল আন্দোলনের প্রতিচ্ছবি!
পঞ্জাবি গায়কের নতুন গান ‘ডেভিল’ প্রকাশ পেয়েছে। তবে গানের থেকেও বেশি নজর কেড়েছে এর ভিডিও। ভিডিয়োয় দেখা যাচ্ছে পড়ুয়াদের হাতে রয়েছে ‘সেভ আওয়ার ফিউচার’ (Save Our Future) এবং ‘আওয়ার ফিউচার, আওয়ার ফাইট’ (Our Future Our Fight) লেখা প্ল্যাকার্ড। রাস্তার ওপারে লাঠি হাতে ঘোড়সওয়ার পুলিশ বাহিনী। কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জের মুখে পড়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির দৃশ্য। এর মাঝেই একটি দৃশ্যে এক ছোট্ট মেয়েকে সাদা গোলাপ হাতে এক পুলিশ অফিসারের দিকে এগিয়ে যেতে দেখা যায়, যা শান্তির বার্তা বহন করে। তবে ভিডিয়োয় যে পুলিশকর্মীদের দেখা যাচ্ছে, তাঁরা ভারতীয় নন, বিদেশি। এমনকি, গানের গোটা আবহও আন্তর্জাতিক।
গত জুলাই মাসে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকে পড়ুয়াদের এক বিশাল আন্দোলন গড়ে ওঠে। সেই সময় একটি ইনস্টাগ্রাম লাইভে এক অনুরাগী দিলজিৎকে এই আন্দোলন নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে গিয়ে বলেছিলেন, “আমি একজন শিল্পী, কোনো রাজনীতিবিদ নই, আমাকে এসব থেকে দূরে রাখুন।” এই মন্তব্যের জন্য নেটপাড়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও পরে সুর নরম করে ইনস্টাগ্রাম স্টোরিতে পড়ুয়াদের ওপর হওয়া পুলিশি অত্যাচারের নিন্দা করেছিলেন দিলজিৎ।
গানের লিরিক্সেও রয়েছে দিলজিতের সেই চেনা লার্জার-দ্যান-লাইফ (Larger than life) পঞ্জাবি ইমেজ। তবে ভিডিওর শেষে একটি বিশেষ ডিসক্লেমার দেওয়া হয়েছে— “ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম” (Don’t try this at Home), যার ঠিক পরেই স্ক্রিনে ভেসে ওঠে “আই অ্যাম অ্যান আর্টিস্ট ব্রো” (I'm an Artist Bro)।
নেটিজেনদের বড় অংশের মতে, মুখে রাজনীতিতে জড়াতে না চাইলেও নিজের কাজের মাধ্যমে জুলাই মাসের সেই ছাত্র আন্দোলনের স্মৃতিকেই উসকে দিলেন গায়ক। তবে কি ট্রোলিংয়ের জবাব দিতেই এই মাস্টারস্ট্রোক দিলজিতের? এই নিয়ে এখন সরগরম বিনোদন ও রাজনৈতিক মহল।
















