শনিবার (১ অগাস্ট) থেকে জি বাংলার (Zee Bangla) কর্মবিরতি নিয়ে যে আশঙ্কার মেঘ দেখা গিয়েছিল তা আপাতত কাটলো। টেকনিশিয়ানদের বকেয়া প্রাপ্য মেটানোর জন্য গিল্ডের তরফ থেকে চ্যানেল কর্তৃপক্ষকে আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে বলে খবর মিলেছে। ফলে আজ থেকে কর্মবিরতি হচ্ছে না। 

গত কয়েকদিন ধরে বাংলার ছোটপর্দার বিনোদন জগতে (Bengali Television Industry) চিন্তা বাড়ছিল। দিনের পর দিন কাজ করেও পারিশ্রমিক না মেলায় ক্ষুব্ধ টেকনিশিয়ানরা শনিবার থেকে জি বাংলার কোনও প্রজেক্টে কাজ করবেন না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন গিল্ডের অস্থায়ী ওয়ার্কিং কমিটি। এরপর শুক্রবার চ্যানেলের সঙ্গে তাদের বৈঠক হয়। জানা গিয়েছে অভ্যন্তরীণ কিছু সমস্যার কথা উল্লেখ করে জি বাংলার তরফে অন্তত ৭ দিনের সময় চেয়ে নেওয়া হয়েছে।ক্যামেরা গিল্ডের সম্পাদক স্বপন মজুমদার (Swapan Majumder) জানান, আপাতত কোনও কর্মবিরতি হচ্ছে না, সর্বসম্মতিক্রমে জি বাংলাকে এক সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে আগের মতোই বিভিন্ন বাংলা ধারাবাহিক ও রিয়ালিটি শোয়ের শ্যুটিং চলবে।