আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মের শতবর্ষ। এই উপলক্ষে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে উঠে এলো উত্তম কুমারের কথা। ১৩৭ তম মন কি বাত এপিসোডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মোদি। এর মধ্যে রয়েছে দেশের প্রযুক্তির উন্নতি সঙ্গে স্বচ্ছতার বার্তা। একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিলেন উত্তম কুমারের জন্মশতবর্ষের কথাও।
মহানায়কের জীবনের এবং অভিনয় নিয়ে নানা কথা বলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "উত্তম কুমারজি একজন বহুমুখী প্রতিবার অধিকারী ছিলেন। যিনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন। অনেকে মনে করেন, সত্যজিৎ রায় নায়ক সিনেমার চিত্রনাট্যটি উত্তম কুমারকে মাথায় রেখে তৈরি করা হয়েছিল। সত্যজিৎ রায় বলেছিলেন ওর মধ্যে সম্মানের পাশাপাশি এক অদ্ভুত গভীরতা ছিল। যে কোন চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রবল পরিশ্রম করতে পারতেন। উত্তম কুমার শুধু অনন্য অভিনয়ের জন্যই পরিচিত ছিলেন না একই সঙ্গে জীবনের শিক্ষা পাওয়া যেত তাঁর অভিনয় জীবনের শুরুতে সিনেমা খুব ভালো চলেনি। কিন্তু সেখানে তিনি হেরে যাননি। নিজের কাজের প্রতি দায়বদ্ধ ছিলেন নিজের লক্ষ্য সম্পর্কে জানতেন এই জন্যই তিনি সাফল্যের শিখড়ে পৌঁছাতে পেরেছিলেন।"
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, "আমি যখন কলকাতায় রোড শো করেছিলাম তখন উত্তম কুমারের বাড়ির সামনে দিয়ে গিয়েছিলাম। তখন একজন এসে আমায় মহানায়কের ছবি উপহার দিয়েছিলেন। আমি তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাই। উনি সব সময় আমাদের মনে বাস করবেন। এরপর বাংলা ভাষায় মোদি বলেন, উত্তম কুমার চিরদিন মানুষের মনে রাজ করবেন।"
পাশাপাশি মন কি বাত অনুষ্ঠান থেকেও নেশা মুক্ত ভারত ও যুব সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, "বিকশিত ভারতের লক্ষ্যে নেশা মুক্ত যুব সমাজের প্রচার চলছে। দেশজুড়ে এই প্রচারের মূল লক্ষ্য যুবসমাজকে নেশা মুক্ত করা।"
অগাস্ট মাসটি যে দেশপ্রেমের রঙে পরিপূর্ণ সেই কথা উল্লেখ করেছেন মোদি, বন্দেমাতারামের ১৫০ তম বার্ষিকী এই বছরটিকে আরও স্মরণীয় করে তুলেছে। পাশাপাশি গঙ্গার ঘাট এবং চত্বর আরও পরিষ্কার করে রাখার কথা বলেন তিনি।
















