তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দা কাঁপাতে 'কিং' (King) মহিমায় শাহরুখ খানের (Shahrukh Khan) কামব্যাকের খুশি এবার দ্বিগুণ হতে চলেছে সুপারস্টারের অনুরাগীদের কাছে। কারণ বলিউডে কান পাতে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই নাকি 'মন্নত' (Mannat) ফিরবে খান পরিবার। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বিলাসবহুল এই হেরিটেজ প্রপার্টির সংস্কার ও মেরামতির কাজ প্রায় শেষের পথে। অর্থাৎ প্রায় দু বছর পর ফের নিজের বাড়ি ফিরতে চলেছেন 'কিং' খান (SRK)।
২০২৫ সালে ‘মন্নত’-এর সংস্কারের কাজ শুরু হওয়ায় শাহরুখ ও তাঁর পরিবার সাময়িকভাবে বান্দ্রার পালি হিলের দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হন। ফলে গত বছরে সুপারস্টারের জন্মদিনে মন্নতের চেনা বারান্দায় দু'হাত প্রসারিত করে ধরা দিতে পারেননি 'বাজিগর'। কিছুটা মন খারাপ ছিল অনুরাগীদের। তবে এবার মনে করা হচ্ছে, পুরনো ছবি ফের ফিরতে পারে। কারণ পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে আগামী দু’-তিন মাসের মধ্যেই বিশালাকার বাংলোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সে ক্ষেত্রে হয়তো নভেম্বরের মধ্যেই পরিবার নিয়ে নিজের বাড়ি ফিরবেন শাহরুখ! মন্নতের সংস্কার ও মেরামতির কাজে আধুনিক সাজসজ্জার পাশাপাশি বাংলোটির মূল ঐতিহ্য ও স্থাপত্য যাতে অক্ষুণ্ণ থাকে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেতা কিংবা রেড চিলিজের তরফ থেকে সুপারস্টারের ফেরার নির্দিষ্ট কোনও তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
















