মহানায়ক উত্তম কুমার শুধু একটি নাম নন, বাঙালির সেন্টিমেন্ট। শতবর্ষ পূর্ণ করেও তিনি সমান জনপ্রিয়। বাঙালির মনের মণিকোঠায় আজও তিনি অবিচল। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে শহরে শুরু হতে চলেছে এক বিশেষ প্রদর্শনী। নাম 'উত্তম - দ্য মহানায়ক'।

আইসিসিআর-এর যামিনী রায় গ্যালারিতে আগামী ২০ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে গ্যালারি (প্রথম দিন বাদে)। থিজম ইভেন্টসের আয়োজনে এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নিবেদনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সহ-উদ্যোগে রয়েছে খুকুমণি।

এক ছাদের তলায় দেখা যাবে উত্তমের বর্ণময় জীবনের প্রচার সম্ভার। প্রদর্শনীর মূল আকর্ষণ বিশিষ্ট চলচ্চিত্র পোস্টার সংগ্রাহক সুদীপ্ত চন্দের বিশাল সংগ্রহ। সংগ্রাহক হিসেবে এ বছর তাঁর কুড়ি বছর পূর্ণ হলো। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তনী সুদীপ্ত ছাত্রজীবন থেকেই পোস্টার সংগ্রহের কাজে যুক্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সুদীপ্ত পেশায় সাংবাদিকও ছিলেন। পরে প্রতিষ্ঠা করেন 'দ্য ড্রীমার্স' পিআর এজেন্সি।

এবার আসা যাক প্রদর্শনীর কথায়। চলচ্চিত্র পোস্টারের মধ্যে উত্তম কুমার প্রোযজিত হিন্দি ছবি ছোটি সি মুলাকাত এর দু'রকম সাইজ ও ভিন্ন ডিজাইন থাকছে, অমানুষ ছবির হিন্দি মুম্বাই প্রিন্ট বড় পোস্টার, পাশাপাশি হিন্দি ছবি দূরিয়া এর দু'ডিজাইন এর বড় পোস্টার , থাকছে দুই শিটের বড় পোস্টার বন্দী ও বহ্নিশিখা ছবির, রেয়ার পোস্টারের মধ্যে যাত্রা হলো শুরু , পুণর্মিলন, পুত্রবধূ, প্রিয় বান্ধবী ছবির ক্যালেন্ডার এর তারিখ দেওয়া পোস্টার, ওড়িয়া হরফে লেখা বন্দী ছবির পোস্টার, ব্রতচারিণী, ওরা থাকে ওধারে, চন্দ্রনাথ, ত্রিযামা, অন্নপূর্ণার মন্দির এরকম প্রায় আশির কাছে ছবির পোস্টার। থাকছে রেয়ার বুকলেট প্রায় একশোর মতো তার মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রশক্তি, সন্জিবণী, হ্রদ, বকুল, শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক, দেবত্র, বসু পরিবার, নবীন যাত্রা প্রভৃতি। থাকছে উত্তম কুমার এর নিজের গাওয়া গানের রেকর্ড, পাশাপাশি তাঁর অভিনীত বেশ কিছু ছবির রেকর্ড। থাকছে গানের বই। নিশান ছবির লেটার হেড, পত্র-পত্রিকায় প্রকাশিত ছবির বিজ্ঞাপন, নিজের গান নিয়ে লেখা প্রতিবেদন ,সুচিত্রা সেনকে নিয়ে লেখা প্রতিবেদন , বিভিন্ন অনুষ্ঠানের বিরল ছবি, ছবির স্থির চিত্র, লবি কার্ড, অপ্রকাশিত ছবির বিজ্ঞাপন, ডাক টিকিট আরো অনেক কিছু। 

সুদীপ্ত চন্দ জানান, " দীর্ঘ দু'দশক ধরে একটা ভালোবাসাকে সযত্নে লালন পালন করে আসছি। মূলত ছবির পোস্টার সংগ্রাহক হিসেবেই আমার পরিচিতি। ভবিষ্যৎ প্রজন্ম যাঁরা চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেন, আগ্রহ রাখেন তাঁরা এগুলো দেখলে একটা সময় সম্পর্কে ধারণা করতে পারবেন। সংগ্রহের সাথে সংরক্ষণ এবং প্রচার এর ফলে মানুষ অনেক বেশি করে ইতিহাস সম্পর্কে সচেতন হন, আগ্রহী হন। নানা সময়ে আয়োজিত এরকম প্রদর্শনী নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আমাদের গৌরবময় অতীত সম্পর্কে জানাতে সাহায্য করে। "