সমাজ থেকে ধর্ষণ (Rape) নামের ব্যাধি আদৌ কি কোনদিন বিলীন হবে? সমাজমাধ্যম থেকে শুরু করে রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েও ছবিটা কিছুতেই বদলাচ্ছে না। এর শেষ কোথায়, প্রশ্ন তুললেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে নাবালিকা শিশুর গণধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় যখন বারবার করে সমালোচনা করা হচ্ছে সুশীল সমাজ কিংবা তথাকথিত সেলেবদের নীরবতা নিয়ে, তখন মুখ খুললেন রাজপত্নী। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী লেখেন, এমন একটি সমাজের অপেক্ষায় আছি, যেখানে অপরাধীরা ভয় পাবে, আর নারীরা ভয়মুক্ত হবে।

নাবালিকা গণধর্ষণ কাণ্ডে রবিবার থেকে উত্তপ্ত রাজ্য, অগ্নিগর্ভ বারুইপুর। যেভাবে পৈশাচিক অত্যাচার করার পর কিশোরীকে জীবিত অবস্থায় জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে, তাতে আরও একবার আরজি কর হাসপাতালের অভিশপ্ত রাতের স্মৃতি ফিরেছে সকলের মনে। একের পর এক বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু ধর্ষকের এই বিকৃত মানসিকতার কোনও পরিবর্তন হচ্ছে না। শুভশ্রী নিজেও একজন মা। তাঁর কন্যাসন্তান রয়েছে। অভিনেত্রী বলছেন, “শিশু থেকে বৃদ্ধা- কোনও বয়সই আজ আর নিরাপদ নয়। এই বিকৃত মানসিকতার মানুষগুলো থামছে না, আর থামবেও না, যতদিন না তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। শাস্তির অভাবই তাদের আরও বেপরোয়া করে তুলছে বারবার এমন নৃশংস অপরাধ করার সাহস জোগাচ্ছে।” উল্লেখ্য আর জি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল টলিউডের 'ইন্দুবালা'কে। কিন্তু নাবালিকার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় দু একটি মন্তব্য ছাড়া প্রতিবাদে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি তারকাদের, যা নিয়ে কটাক্ষও কম হচ্ছে না। শুভশ্রী অবশ্য এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ। বরং তিনি যথেষ্ট যন্ত্রণা অনুভব করছেন। অভিনেত্রী বলেছেন, "সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ রাস্তায় বিক্ষোভ হওয়া সত্ত্বেও ধর্ষণ বন্ধ হচ্ছে না।বারুইপুরের ঘটনাও আমাদের আবার মনে করিয়ে দিল, আমরা এখনও কতটা অসহায়। প্রশ্ন একটাই- এর শেষ কোথায়? আর কত নিরীহ নারীকে এই বর্বরতার শিকার হতে হবে? আর কত পরিবার ধ্বংস হয়ে যাবে?" হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে এ প্রশ্নেরই উত্তর খুঁজছে সবাই।