রাজ্যে ক্ষমতা পালাবদলের সঙ্গে সঙ্গে টলিউডেও (Tollywood ) তার সরাসরি প্রভাব পড়েছিল। দীর্ঘদিন ধরে চলতে থাকা 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই হাতে হাতকড়া পড়েছিল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের। মেকআপ আর্টিস্ট সিমরান পালের (Simran Paul) দায়ের করা শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তবে এবার সুর বদল অভিযোগকারিণীর। শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানান, স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে করা মামলা তিনি তুলছেন। তৃণমূল নেতা তথা ফেডারেশন সভাপতি তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা তো দূরের কথা দুজনের কখনও সামনাসামনি নাকি দেখাও হয়নি! কিছু মানুষের কথায় মিথ্যে অভিযোগ করেছিলেন বলে, শিকার করলেন সিমরন।
তৃণমূল জমানায় ফেডারেশন (FCTWEI) সভাপতির বিরুদ্ধে কলাকুশলী থেকে অভিনেতা অভিনেত্রীরা অসহযোগিতা ও দাদাগিরির একাধিক অভিযোগ তোলেন। মেকআপ আর্টিস্ট সিমরন চলতি বছরের জুন মাসে স্বরূপের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করতেই চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি তোলাবাজি এবং অস্ত্র আইনের অভিযোগের ভিত্তিতেও স্বরূপকে গ্রেফতার করা হয়। এবার সিমরন পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বলেন, 'আমার মূল ব্যাপারটা স্বরূপ বিশ্বাসকে নিয়ে নয় বরং শান্তনু দে আর বাপি মালাকারকে নিয়ে।' তাঁরা মেকআপ আর্টিস্টদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিলেন বলেও জানান তিনি। কয়েকদিনের প্ররোচনায় ভুল বুঝে যে ফেডারেশন সভাপতি বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান সিমরন। তাঁর কথায়, "আমার জন্য স্বরূপ অকারণে জেল খেটেছেন। ওনার এত বড় বদনাম হয়েছে, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। পারলে ছোট বোন মনে করে মাফ করে দেবেন।" যদিও কাদের প্ররোচনায় তিনি অভিযোগ করেছিলেন সেটা প্রকাশ্যে আনেননি মেকআপ আর্টিস্ট।
















