৭ বছর ধরে যে রহস্যের জালে দর্শক আটকে, এবার সেই গল্পই পৌঁছতে চলেছে চূড়ান্ত পরিণতিতে। দৃশ্যম ৩ নিয়ে বড়পর্দায় ফিরছেন বিজয় সালগাঁওকর। অজয় দেবগনের জনপ্রিয় 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় এবং শেষ ছবি 'দৃশ্যম: দ্য কনক্লুশন'-এর আনুষ্ঠানিক ঘোষণা হল ২৪ অগস্ট। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২৬। ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছেন অজয় দেবগন। তিনি যেন ফের মনে করিয়ে দিলেন, বিজয়ের কাছে সব কিছুর ঊর্ধ্বে তাঁর পরিবার। পোস্টারে লেখা, "আমার সত্য, আমার ঠিক, শুধুই আমার পরিবার।" 'দৃশ্যম'-এর এই চেনা দর্শনই যে শেষ পর্বেও গল্পের অন্যতম চালিকাশক্তি হতে চলেছে, তা স্পষ্ট।
প্রথম দুই ছবিতে কখনও অপরাধী, কখনও খুনি, আবার কখনও বুদ্ধিদীপ্ত ফ্যামিলিম্যান—বিভিন্ন পরিচয়ে দর্শকের সামনে ধরা দিয়েছেন বিজয়। পরিবারকে আইনের হাত থেকে বাঁচাতে তাঁর সাজানো পরিকল্পনা এবং উপস্থিত বুদ্ধিই হয়ে উঠেছিল গল্পের মূল আকর্ষণ। এবার সেই সমস্ত রহস্যের শেষ হিসাব মেলার পালা। তৃতীয় ছবিতেও বিজয় সালগাঁওকরের চরিত্রে থাকছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে ফিরছেন তব্বু, শ্রিয়া সরন এবং রজত কপূর। তব্বুকে ফের দেখা যাবে আইজি মীরা দেশমুখের ভূমিকায়, আর শ্রিয়া সরন অভিনয় করবেন নন্দিনীর চরিত্রে। নতুন সংযোজন হিসেবে থাকছেন প্রকাশ রাজ এবং জয়দীপ অহলাওয়ত। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক পাঠক। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।
এই ছবির মুক্তির তারিখ নিয়েও রয়েছে আলাদা চমক। ২ অক্টোবর 'দৃশ্যম' অনুরাগীদের কাছে এমনিতেই বিশেষ একটি তারিখ। তাই একই তারিখে শেষ ছবি মুক্তি দিয়ে নির্মাতারা যেন বিজয়ের গল্পকে একেবারে বৃত্ত সম্পূর্ণ করে দিতে চাইছেন। ২০১৫ সালে হিন্দিতে প্রথম ‘দৃশ্যম’ মুক্তির পর থেকেই অজয়ের বিজয় সালগাঁওকর দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। ২০২২ সালে আসে ‘দৃশ্যম ২’। এবার তৃতীয় ছবির নামেই যখন ‘দ্য কনক্লুশন’, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন একটাই—শেষ পর্যন্ত বিজয়ের সাজানো গল্পে কি কোনও ফাঁক থেকে যাবে? নাকি আবারও পুলিশকে বুদ্ধির জালে ফাঁসিয়ে পরিবারকে নিরাপদে রাখবেন তিনি? উত্তর পেতে অপেক্ষা আর বেশি দিনের নয়। ২ অক্টোবর বড়পর্দায় ফিরছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’।
















