তিনি টলিউডের মেগাস্টার। খ্যাতির মধ্যগগনে তাঁর বাস। সিনেমার পাশাপাশি ছোটপর্দায় ‘দাদাগিরি’র সঞ্চালক হিসেবেও এখন প্রতি শনি ও রবিবার বাঙালির ড্রয়িংরুমে হাজির থাকছেন দেব। স্বভাবতই তাঁকে নিয়ে চর্চার শেষ নেই অনুগামীদের মধ্যে। আর দেবকে নিয়ে আলোচনা হবে অথচ তাঁর বিয়ে নিয়ে কথা উঠবে না, তা কি আর হয়! 

কেরিয়ারের শুরুর দিকে টলিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম নিয়ে কম চর্চা হয়নি। তবে সেই সম্পর্ক ভেঙেছে বহু বছর আগে। মাঝে মান-অভিমানের পালা চুকিয়ে শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন, দুই সন্তানকে নিয়ে তাঁদের সুখের গৃহকোণ। অন্যদিকে, দেবের জীবনে এসেছেন রুক্মিণী মৈত্র। তাঁদের প্রেম নিয়ে আর কোনও লুকোছাপা নেই। দুই পরিবারের মধ্যেও যাতায়াত ও সম্পর্ক অত্যন্ত মধুর। দেবের একাধিক ছবির নায়িকাও রুক্মিণী। তা সত্ত্বেও দীর্ঘ বছর ধরে কেন তাঁরা সাতপাকে বাঁধা পড়ছেন না, এই নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ ছিল না। 

অবশেষে সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর মিলল ছোটপর্দায়। ‘দাদাগিরি’র মঞ্চে ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রীর ‘চাপে’ পড়ে নিজের বিয়ের সিদ্ধান্ত একপ্রকার পাকা করে ফেললেন বাংলার সুপারস্টার। 

শুটিং চলাকালীন রসিকতা করে সুনীল ছেত্রী দেবকে সরাসরি প্রশ্ন করেন, তিনি বাড়িতে শান্তি চান কি না। শান্তি চাইলে দ্রুত বিয়ে করার পরামর্শ দেন এই তারকা ফুটবলার। সুনীল আরও বলেন, বাড়ি ফিরে বাবা-মায়ের পাশাপাশি স্ত্রীকে দেখলে দেবের মন ভালো হয়ে যাবে। ভারতীয় ফুটবল অধিনায়কের এই মোক্ষম পরামর্শ আর এড়িয়ে যেতে পারেননি সঞ্চালক দেব। 

হাজার হাজার দর্শকের সামনে দেব খোলাখুলি ঘোষণা করেন যে, তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন আগামী বছরের মধ্যে বিয়েটা সেরে ফেলতে। শুধু তাই নয়, সুপারস্টার মৃদু হেসে এও যোগ করেন, দাদাগিরির আগামী সিজনে হয়তো তাঁর স্ত্রী-ই দর্শক আসনে বসে খেলা দেখবেন। 

টেলিভিশনের পর্দায় দেবের এই অকপট স্বীকারোক্তির পর থেকেই টলিপাড়ায় জল্পনা তুঙ্গে। ভক্তরাও এখন থেকেই প্রিয় ‘দেবদা’র বিয়ের সানাই শোনার জন্য আশার বুক বাঁধছেন। এখন দেখার, জাতীয় মঞ্চে দাঁড়িয়ে দেওয়া এই কথা টলিউডের সুপারস্টার আগামী বছরেই বাস্তবে রূপ দেন কি না।