চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রায় সন্তোষজনক না হওয়ায় সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। শীর্ষ আদালত মামলাটিকে হাইকোর্টে পাঠায়। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অভিষেকের মামলাটি খারিজ করে দিলে শুক্রবার ফের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী সপ্তাহে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

অভিষেকের আইনজীবী গত শুনানিতে জানান, সাংসদ দেশের কোনও হাসপাতালে চিকিৎসা করাতে চান না। এরপর বিচারপতি ভট্টাচার্য বলেন চিকিৎসা করানোটা জরুরি।কোথায় হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের বিশেষ টিম গঠন করে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলে আদালত। বিচারপতি এও জানান যে এই দেশের বিভিন্ন বড় বড় ব্যক্তিত্বরা এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিরাও ভারতেই চিকিৎসা করান। তাছাড়া অভিষেকের বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে। এই অবস্থায় তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের অবস্থানে অনড়। তাই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি।