তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ১৬টি এফআইআর (FIR) দায়ের হয়েছে। রক্ষাকবচ চেয়ে কলকাতা আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারে সাংসদ। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya) জানান এর আগে যে তিনটি মামলায় রক্ষাকবচ দেওয়া হয়েছিল সেই রায়ই বহাল থাকছে। নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে সওয়াল হবে। সব মামলায় আপাতত রক্ষাকবচ দেওয়া হচ্ছে না।

এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দায়রা মামলায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন। অভিষেক কি সেরকম কিছু চাইছেন? আসলে গত শুনানিতে তৃণমূল সাংসদদের আইনজীবী সওয়াল করেছিলেন, পূর্ববর্তী বিরোধী দলনেতার আবেদনের পরিপ্রেক্ষিতে একাধিক মামলায় রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। ভবিষ্যতে আদালতকে না জানিয়ে যাতে কোনও এফআইআর দায়ের না-করা হয়, তার নির্দেশও দেওয়া হয়েছিল। এই দিন সেই প্রসঙ্গ টেনে এনে খোঁচা দেন অ্যাডভোকেট জেনারেল। হাইকোর্টে এ দিন জানানো হয়, অভিষেকের বিরুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ১৬টি এফআইআর দায়ের হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মামলার শুনানি প্রায় শেষ। নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে সওয়াল করার জন্য আগামী ১১ অগস্ট (মঙ্গলবার) ফের শুনানির দিন ধার্য হয়েছে।