ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যদি কণ্ঠস্বরের নমুনা না দেন, সেক্ষেত্রে তাঁর রক্ষাকবচ প্রত্যাহারের কথাও ভাবতে পারে আদালত, শুক্রবার স্পষ্ট জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya)। তদন্তে সহযোগিতা না করলে মোটা অংকের জরিমানাও দিতে হতে পারে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। আগামী ১৫ জুলাই দুপুর বারোটার মধ্যে নিম্ন আদালতে হাজিরা দিতেই হবে অভিষেককে, বিচারপতি নির্দেশ দিতেই কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক যে মামলা করেছিলেন, তা প্রত্যাহার করে নেন তাঁর আইনজীবী।
বিধাননগর আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা দিচ্ছেন না অভিষেক, তৃণমূল সাংসদদের বিরুদ্ধে তদন্তকারীদের অভিযোগের প্রসঙ্গে বিচারপতি ভট্টাচার্য এদিন এজলাসে বলেন, 'সবকিছুর একটা সীমা আছে। বিভিন্ন এজলাসে আলাদা করে মামলা করে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিচারক যা নির্দেশ দিয়েছেন সেটা মানতে হবে। তদন্তে সহযোগিতা করার আশ্বাসেই আদালত রক্ষাকবচ দিয়েছে। যদি নির্দেশ না মানা হয় সে ক্ষেত্রে সিআইডি বা তদন্তকারীরা হাইকোর্টে আবেদন করলে, তখন এই রক্ষাকবচ রাখা হবে কিনা সে বিষয়টি ভেবে দেখবে আদালত। পাশাপাশি দৃষ্টান্তমূলক জরিমানাও করা হবে।' অতীতের ডিম আক্রমণের ঘটনার কথা স্মরণ করিয়ে অভিষেকের আইনজীবী বিচারপতিকে অনুরোধ করেন, যাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনওভাবেই হেনস্থার শিকার না হন। বিচারপতি ভট্টাচার্য বলেন, এই বিষয়টা নিশ্চিত করবে পুলিশ। সূত্রের খবর, আদালতের নির্দেশ মেনে নির্ধারিত দিনেই সম্ভবত কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক।
















