গ্রেফতার বা অন্য কোনও আইনি জটিলতার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। কালীগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করে অন্তর্বর্তী সুরক্ষার আবেদন জানিয়েছেন তিনি। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Saugata Bhattacharyya) এজলাসে তিনি তাঁর সুরক্ষায় আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। 

বুধবার নদিয়ার কালীগঞ্জের (Kaliganj, Nadia) পলাশি এলাকায় বিধায়ক আলিফা আহমেদের (MLA Alifa Ahmed) বাড়িতে একটি দলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি কালীগঞ্জ থানায় (Kaliganj Police Station) অভিযোগ দায়ের করেন। তবে তাঁর বক্তব্য, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্যকর কোনও পদক্ষেপ করেনি। বরং তাঁর বিরুদ্ধেই মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতেই সম্ভাব্য গ্রেফতার, জোরপূর্বক কোনও ব্যবস্থা বা অন্য কোনও কঠোর আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

মহুয়ার পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ৩৫(৩) ধারায় একটি নোটিশ (Notice) জারি করা হয়েছে। যদিও সেই নোটিশ ই-মেলে পাঠানো হলেও আইন অনুযায়ী তা যথাযথভাবে তাঁর হাতে পৌঁছে দেওয়া হয়নি বলে আদালতে দাবি করা হয়েছে। অভিযোগ, একটি নির্মীয়মাণ ভবনের দেওয়ালে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটির জরুরি শুনানির আবেদন গ্রহণ করেছেন। এখন আদালত কবে শুনানির দিন নির্ধারণ করে এবং অন্তর্বর্তী সুরক্ষা নিয়ে কী নির্দেশ দেয়, তার দিকেই নজর রয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য পুলিশ বা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।