বাংলা জুড়ে গত কয়েকদিনে একাধিক পাক চর গ্রেফতার হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়েছে চিনের নজরদারি। এই পরিস্থিতিতে চিকেনস নেকের সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মুখ্যমন্ত্রী নিজে তাঁকে বিমানবন্দর থেকে আনতে যাবেন বলে জানা গিয়েছে। তিনদিনের সফরে পাহাড় সমস্যা সমাধানের লক্ষ্যে শাহের একাধিক বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রবেশদ্বারে বিশেষ আইনি প্রদর্শনীতেও অংশ নেবেন।

পালাবদলের বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকারের ১০০ দিন ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। পাহাড়ের সমস্যা সমাধানে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিমল গুরুংরা। এবার সরাসরি কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ২২ অগাস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। উপস্থিত থাকবেন, সাংসদ রাজু বিস্তা, পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা, অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোমান রাই, ভরত ছেত্রী, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সম্পাদক নিরজ জিম্বা সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আগামী ২১ অগাস্ট একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহের (Amit Shah)। সেনা কর্তাদের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করার পাশাপাশি বিএসএফ ও এসএসবির কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে কাওয়াখালি ময়দানে পৌঁছে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন। শুক্রবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে আয়োজিত এক বিশাল আইনি প্রদর্শনীতেও অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।