সুপ্রিম কোর্ট অনুমতি দেওয়ার পরও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিদেশ যাত্রা বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল রাজ্য। কিন্তু তা ধোপে টিকলো না। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে দেশের শীর্ষ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শর্তসাপেক্ষে যে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাতে সায় দেওয়ায় আইনি লড়াইয়ে বড় স্বস্তি ডায়মন্ড হারবারের সাংসদের।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অভিষেকের বিরুদ্ধে নানা ইসুতে কমপক্ষে ১৬ টি মামলায় এফআইআর দায়ের করা হয়।তার মধ্যে বেশ কয়েকটি মামলায় আদালত তাঁকে রক্ষাকবচ দিয়েছে। মঙ্গলবার ও তিনটি মামলায় রক্ষাকবচ দেওয়া হয় অভিষেককে। আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তকারী সংস্থার সঙ্গে সবদিক থেকে সহযোগিতা করতে হবে অভিষেককে। এইসব মামলার মাঝেই বিদেশে চিকিৎসা করার অনুমতি চেয়ে অভিষেক সুপ্রিম দ্বারস্থ হতেই শীর্ষ আদালত তাঁকে সেই অনুমতি দিয়েছে। কিন্তু দেশের বাইরে গেলে অভিষেক আর ফিরবে না এই দাবি করে তাঁর বিদেশযাত্রা নিয়ে আপত্তি তোলে রাজ্যের বিজেপি সরকার।বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদনে হস্তক্ষেপ করতে রাজি হননি। হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, সুপ্রিম কোর্ট যে শর্তাবলী দিয়েছে, সেগুলোই কার্যকর থাকবে। হাইকোর্ট আলাদা করে নতুন কোনও নিষেধাজ্ঞা বা শর্ত আরোপ করবে না।