ফ্ল্যাট জালিয়াতি থেকে শুরু করে মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবারে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার - ক্রেতা সুরক্ষা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে পূর্বতন সরকারদের নিশানা করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পাশাপাশি বিগত বছরগুলোতে ক্রেতা সুরক্ষা দফতর (Consumer Protection Department, Government of West Bengal) সব থেকে বেশি অবহেলিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

মঙ্গলবার সকালে নিউমার্কেটের হগ মার্কেটে উপভোক্তা সুরক্ষা সপ্তাহের সূচনা কর্মসূচিতে গিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট জানিয়ে দেন, যে কোনও অসাধু কাজকর্মের বিরুদ্ধে রাজ্যের বিজেপি সরকার 'জিরো টলারেন্স নীতি' নিয়ে চলবে। যাঁরা এই ধরনের কাজ করছেন তাঁদের উপর নজর রাখা হচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু বলেন, '২০০৬ সাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা পরবর্তী কাউকে ক্রেতা সুরক্ষা দফতরের কোনও কর্মসূচিতে যোগ দিতে দেখিনি। অথচ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এই দফতরের সরাসরি যোগ রয়েছে।' কীভাবে প্রতিদিন বাজারে ওজন কারচুপি থেকে শুরু করে সঠিক রসিদ না পাওয়ার মতো প্রতারণার সাক্ষী হতে হচ্ছে আমজনতাকে সেই প্রসঙ্গ তুলে ধরে পূর্ববর্তী সরকারকে কটাক্ষও করেন বর্তমান মুখ্যমন্ত্রী। জোম্যাটো-সহ বিভিন্ন বিখ্যাত অনলাইন খাবার বা সামগ্রী ডেলিভারি সংস্থার নাম ভাঙিয়ে বিধান নগরে ভুয়ো বুকিং নিয়ে টাকা আত্মসাৎ করা চক্রের ১২০ জনের গ্রেফতারির কথাও উল্লেখ করেন। 

ফ্ল্যাট প্রতারণার ভুরি ভুরি অভিযোগ থেকে বাজারের মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবারে বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। বিগত সরকারকে নিশানা করে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে আঙুল তোলেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান,নামী রেস্তোরাঁ, হোটেল ও মিষ্টির দোকানে খাবারে ক্ষতিকর রাসায়নিক রঙ এবং মাছ-সবজিতে বিপজ্জনক কেমিক্যালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও কিছু মুনাফালোভী ব্যবসায়ী অসাধু পুলিশ এবং আধিকারিকদের সঙ্গে মিলে মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করেছে। এবার থেকে তা বরদাস্ত হবে না।স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। ক্রেতা সুরক্ষা দফতরকে আরও সচল ও গতিশীল করতে পিএসসির মাধ্যমে দ্রুত নিয়োগ, আইন প্রয়োগের জন্য ইবি ও এসিবির সহযোগিতা- সমন্বয় এবং খাবার ও সামগ্রী গুণমান ও পরিমাপ পরীক্ষার জন্য আধুনিকতম যন্ত্রপাতি সরবরাহ করার দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।