জমি দুর্নীতি মামলায় শীর্ষ আদালতের রক্ষাকবচ পাওয়ার পর সিআইডি (CID) তলবে শনিবার ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত নটার দিকে ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা তৃণমূল সাংসদদের কালীঘাটের বাড়ির দিকে রওনা দেন তিনি। আজ রবিবার (৯ অগাস্ট) ফের সুমিতকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিগত তিন মাস ধরে হন্যে হয়ে সুমিতকে খুঁজছিলেন সিআইডি আধিকারিকরা। শালবনী থানায় তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতির মামলা দায়ের হওয়ার পর থেকেই পুলিশের তৎপরতা বাড়ে। চাকরি দুর্নীতি মামলাতেও তাঁর নাম জড়ায়। পরবর্তীকালে সুমিতের বিরুদ্ধে একাধিক ধারায় নতুন মামলা রুজু করা হয়। রক্ষাকবচ পেতে আদালতের দ্বারস্থ হন অভিযুক্ত। অবশেষে শনিবার (৮ অগাস্ট) সকালে ভবানী ভবনে হাজিরা দেন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমকে কার্যত এড়িয়ে যেতে দেখা যায় সুমিতকে। আজ ফের তিনি হাজিরা দেন কিনা সেটাই দেখার।