অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া নিয়ে অধৈর্য্য হলে চলবে না, যোগ্যরা নিশ্চিতভাবে টাকা পাবেন। শনিবার সন্ধ্যায় রাসবিহারীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানান, 'জুন মাসে ২৮ লক্ষ, জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ এবং অগস্ট মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনাআর টাকা পেয়েছেন। আরও কুড়ি লক্ষ মহিলা যদি যোগ্য হন প্রয়োজনে তাঁদের দেব। ধৈর্য ধরুন।'
ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্নপূর্ণা যোজনা উপভোক্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে শুভেন্দু বলেন, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে হবে। জেহাদি গোষ্ঠীর মুখ কীকরে বন্ধ করতে হয় তা সরকারের জানা আছে বলেও মন্তব্য রাজ্যের প্রশাসনিক প্রধানের। রাসবিহারীতে শুভেন্দু বলেন, রাজ্যের মানুষকে অর্থনৈতিকভাবে নিরাপত্তা দেবে এই সরকার। ১০৬ দিনে সব কাজ করা সম্ভব নয়। তবে এই সরকার মাথা নিচু করবে না। তৃণমূল আমলের দুর্নীতির কথা তুলে ধরার পাশাপাশি বাংলায় বিজেপি সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পক্ষেত্রে উন্নতির জোয়ারের কথাও বলেন শুভেন্দু। অক্টোবর থেকে দিয়ে DA দেওয়া হবে জানিয়ে মহার্ঘ ভাতার ক্ষেত্রে ধীরে ধীরে কেন্দ্র-রাজ্য ফারাক কমিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন দেওয়ার পাশাপাশি ওবিসি জোট কাটিয়ে কর্মক্ষেত্রে নিয়োগ হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়া নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভের প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী বলেন, কোথাও কোনও বিক্ষোভ হচ্ছে না। অভিনন্দন যাত্রায় এর থেকে বেশি লোক হয়। ইচ্ছাকৃতভাবে সমাজমাধ্যমে এসব দেখানো হচ্ছে। তার পরিবর্তে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার কথাও বলেন তিনি। শুভেন্দু বলেন, 'মহিলারা সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করছে, মা আহারে মাছ ভাত দেওয়া হচ্ছে, আয়ুষ্মান ভারতে এত অপারেশন হচ্ছে, পাহাড়ে চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী প্রকল্প চালু হয়েছে, অর্জুন সিং বারোটা চটকল খুলেছেন। আমরা ঠিক লাইনে আছি। পোর্টালে আবেদন করুন, যোগ্য হলে ঠিক টাকা পাবেন।' বাম-তৃণমূল কংগ্রেসের নাম না করে তাদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাস লরির পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মত ফুলবি। দেখতে থাকুন।'
















