বাংলায় দক্ষতা সম্পন্ন কর্মীর কোনও অভাব নেই। আগের সরকার যোগ্যদের সম্মান দিতে না পারলেও পশ্চিমবঙ্গের বর্তমান ডবল ইঞ্জিন সরকার রাজ্যকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে, বৃহস্পতিবার নিউটাউনে এল অ্যান্ড টি-র (L&T) তথ্যপ্রযুক্তি কেন্দ্রের নতুন অফিস 'আনন্দ নিকেতন' ক্যাম্পাসের উদ্বোধনে গিয়ে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পাশাপাশি আগামিতে রাজ্যে বিপুল বিনিয়োগ হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পীযুষ কানোরিয়া। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য আধিকারিকরাও। রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন বলেন, 'বাংলায় প্রচুর দক্ষ কর্মী রয়েছেন। সুযোগের অভাবে তাঁরা রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিলেন কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। যুবসমাজকে আর অন্য কোথাও যেতে হবে না। কারণ ডবল ইঞ্জিন সরকার রাজ্যের কর্মসংস্থান তৈরিতে বদ্ধপরিকর।'

নিউটাউনে L & T-র অফিস উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, এই ক্যাম্পাস একটা বার্তা বহন করছে যে বাংলা ফের শীর্ষস্থানে পৌঁছে যেতে পারে। পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য এগিয়ে যাবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু।