নিউ টাউনের ‘ইস্টার্ন হাই’ (New Town’s ‘Eastern High’) নামক একটি বহুতলে ফ্ল্যাট দখলের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতের নির্দেশে অভিযুক্ত বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে (BJP leader Barun Biswas) আটক করতে গেলে উত্তেজনা তৈরি হয় আবাসনে। পুলিশ (Police) তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ ডিম ছোড়েন বলে অভিযোগ। পাশাপাশি ‘চোর চোর’ স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।
অভিযোগ, ওই বহুতলের এক প্রবীণ মহিলার ফ্ল্যাট দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রেখেছিলেন বরুণ বিশ্বাস। এই মামলায় আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার রাতে নিউ টাউন থানার পুলিশ (New Town Police Station) আবাসনে পৌঁছয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশি অভিযানের সময় বরুণ বিশ্বাস প্রথমে থানায় যেতে আপত্তি জানান। পরে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে গাড়িতে তোলে।
সেই সময় আবাসনের বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং 'চোর চোর' স্লোগান তোলা হয়। শুধু তাই নয়, ধাক্কাধাক্কি, চড় ও ঘুষি মারার অভিযোগও উঠেছে।
ঘটনার পর বরুণ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তাঁর বক্তব্য, বিষয়টি বর্তমানে বিচারাধীন, তাই এই মুহূর্তে এ নিয়ে কোনও মন্তব্য করবেন না। উল্লেখ্য, গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে লক্ষ্য করেও ডিম ছোড়া ও 'চোর চোর' স্লোগান দেওয়ার ঘটনা সামনে এসেছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল খোদ বিজেপি নেতার সঙ্গে।
















