বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ওডিশা-ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা আপাতত কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণে বৃষ্টির পরিমাণ কম থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে শুক্রবার থেকে, বিশেষ করে উইকএন্ডে, দক্ষিণে ফের ঝড়বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকে সেখানে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ২০০ মিলিমিটার (৭ থেকে ২০ সেমি) পর্যন্ত অতিভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার আবহাওয়ার এই দ্বিচারিতায় একদিকে দক্ষিণে আর্দ্রতার অস্বস্তি, অন্যদিকে উত্তরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে।