হড়পা বানে (Flash Flood) বিপর্যস্ত নেপাল উদ্ধার কাছে গতি আনতে অন্যান্য দেশের সাহায্য নেওয়ার জন্য রাজি হওয়ায় এবার নয়া দিল্লি থেকে বিশেষ টিম পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানিয়েছেন, নেপালের অনুরোধেই ভারত পদক্ষেপ করছে। পাশাপাশি সে দেশে নিখোঁজ বাংলার ৩৯ বাসিন্দাদের নাগরিকদের মধ্যে দুজনের সন্ধান মেলায় তাঁদের বিশেষ বিমানে দ্রুত ফিরিয়ে আনা হচ্ছে। বাকি ৩৭ জনের এখনও কোনও খোঁজ নেই।
প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত নেপাল জুড়ে শুধুই ধ্বংসলীলা আর মৃত্যু মিছিল। এই অবস্থায় আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে অন্যান্য দেশের সাহায্য নিতে বাধ্য হয়েছে বলেন্দ্র শাহ সরকার। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে উদ্ধারকারী দল পাঠানোর আগে রেইকি করে দেখে নেওয়া হবে সে দেশে এই মুহূর্তে কী কী প্রয়োজন। সেইমতো পাঠানো হবে উদ্ধারকারী দল। বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন জায়গাগুলির সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করার জন্য ইতিমধ্যেই ভারতের তরফ থেকে নেপালে বেলি ব্রিজ তৈরি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি একটি মেডিক্যাল টিমও যাচ্ছে বলে খবর। দুর্যোগে বিপর্যস্ত প্রতিবেশী রাষ্ট্রে এখনও ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের বসিরহাটের যে দুই নিখোঁজ বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে তাঁদের বিমানে করে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বাংলার ওই দুই নাগরিক আপাতত কাঠমান্ডুতে রয়েছেন। নেপালে একটি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। নিখোঁজদের বিষয়ে জানতে চিন সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।নেপালে ফের হড়পা বানের সতর্কতা জারি হওয়ায় শনিবার আর সেখানে পর্যটকদের খোঁজ চালানো সম্ভব হবে না বলেই মনে করছে প্রশাসনের একাংশ।
















