হালিশহরের পুলিশ লকআপে অমানবিক নির্যাতন চালিয়ে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে এবার নিরপেক্ষ তদন্তের দাবি করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশদের জবাবদিহি চাইলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'তৃণমূল আমলে এই ঘটনা ঘটলে এতক্ষণে অপপ্রচার- কুৎসা শুরু হয়ে যেত। লকআপ ডেথ একটা ভয়ঙ্কর ঘটনা। যথাযথ তদন্ত চাই, দোষী পুলিশদের শাস্তি চাই।' 

পরিবর্তনের বাংলায় বিজেপি সরকারের পুলিশি নির্মমতার সাক্ষী থাকল হালিশহর! তৃণমূল কংগ্রেস কর্মী বিরজু কেওটকে থানায় নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার চালিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। মৃতের স্ত্রী জানান,  হাত-পা বেঁধে আমার স্বামীকে নির্মমভাবে মারধর করা হয়েছে। শরীরে সেই বাঁধনের দাগ স্পষ্ট, কান থেকেও রক্ত বেরিয়েছে। সোশ্যাল মিডিয়ার সেই ছবি প্রকাশ করে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। পুলিশের হেফাজতে থাকা যে কোনও নাগরিকের জীবন ও মৌলিক অধিকার রক্ষা করা প্রশাসনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব। অথচ রক্ষকই আজ ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ! কুণাল বলেন, টার্গেট করে তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে পুলিশে হেফাজতে তার মৃত্যুর অভিযোগ এসেছে। তদন্ত চাই। দোষী পুলিশদের শাস্তি চাই। ক্ষতিপূরণ দরকার। পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। কেন লকআপ ডেথের মতো ভয়ংকর ঘটনা হল তার ব্যাখ্যা দিতে হবে। তৃণমূল বিধায়ক জানিয়েছেন, যে ইতিমধ্যেই মৃতের স্ত্রীর সঙ্গে নেত্রী কথা বলেছেন, দল পাশে আছে। বিজেপির তরফে বিরজুর পরিবারের উপর চাপ তৈরি করা হচ্ছে। তবে তৃণমূল কর্মীদের এভাবে থামানো যাবে না প্রতিবাদ চলবে।