চাকরি দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) নির্দেশে সবং থানায় হাজির হলেন প্রাক্তন সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া (Former Irrigation Minister Manas Ranjan Bhunia)। তদন্তের অংশ হিসেবে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকেরা। তবে থানা থেকে বেরিয়ে অভিযোগ বা তদন্ত সংক্রান্ত কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি।

সেচ দফতরে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে সবং থানায় মামলা দায়ের হয়েছে। সেই মামলার তদন্তে মানসরঞ্জন ভুঁইয়াকে একাধিকবার হাজিরার নোটিশ পাঠানো হলেও তিনি প্রথমদিকে থানায় যাননি বলে তদন্তকারীদের দাবি। পরে বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছলে আদালত তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার তিনি থানায় হাজির হন। জিজ্ঞাসাবাদের সময় অভিযোগের বিভিন্ন দিক নিয়ে তাঁর বক্তব্যও রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

এই মামলার সূত্রপাত ১০ জুন দায়ের হওয়া একটি অভিযোগ থেকে। সবংয়ের (Sabang) এক বাসিন্দার দাবি, তাঁর স্ত্রীর চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিছুদিন কাজ করার পর ওই চাকরি চলে যায়। এরপর প্রতারণার অভিযোগ তুলে তিনি পুলিশের দ্বারস্থ হন। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু হয়। যদিও শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন মানসরঞ্জন ভুঁইয়া।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূলের সঙ্গে মানসরঞ্জন ভুঁইয়ার দূরত্ব বাড়তে থাকে। পরে তিনি দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার ঘোষণা করেন। যদিও স্পষ্ট জানিয়ে দেন, দল থেকে সরে দাঁড়ালেও রাজনীতির ময়দান তিনি ছাড়ছেন না।