রাজ্য সরকারের (Govt of West Bengal) অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছেন নবান্ন (Nabanna)। কিন্তু তারপর থেকেই জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ। কারা টাকা পেয়েছেন কারা পাননি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা- সমালোচনা চলার পর এবার বিজেপি সরকারের (BJP Government) প্রকল্পকে কেন্দ্র করে গৃহযুদ্ধ বাঁধার পরিস্থিতি নদিয়ায়। এক পরিবারে শাশুড়ি তিন হাজার টাকা পেয়েছেন, কিন্তু বৌমা পাননি - ব্যাস এতেই ফ্যাসাদে পড়ে গেছেন যুবক।
নদিয়ার (Nadia) তেহট্ট ১ নম্বর ব্লকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাওয়ার জন্য প্রায় সব মহিলারাই ফর্ম পূরণ করেছিলেন। বেশ কয়েকজন টাকা পেলেও বেশিরভাগের অ্যাকাউন্টে এখনও ৩০০০ টাকা ক্রেডিট হয়নি। ফলে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ শুরু সাধারণ মানুষের। এই ভিড়ে নজরে এলেন এক যুবক। স্বাভাবিকভাবেই মহিলাদের মাঝে বিক্ষোভে তাঁর উপস্থিতির কারণ সকলের জিজ্ঞাস্য হয়ে দাঁড়িয়েছে। আর কারণ প্রকাশ্যে আসতেই তা রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমে। যুবকের যে বক্তব্য ভিডিও ক্লিপ আকারে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। সেখানে দেখা গেছে তিনি বলছেন, 'অন্নপূর্ণা ভাণ্ডারে বউ আবেদন করেছে, মা করেছে। মায়ের টাকা ঢুকেছে বউয়ের টাকা ঢোকেনি। এই নিয়ে সাংসারিক অশান্তি লেগে গিয়েছে।' তবে তিনি একা নন এই ধরনের ঘটনার সাক্ষী আরও অনেক পরিবার। বিক্ষুব্ধ মহিলাদের একটা বড় অংশের অভিযোগ যাঁরা যোগ্য নন তাঁরাও টাকা পেয়েছেন। ওই যুবকের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য মেলেনি। তবে আপাতত যে তাঁর 'গৃহযুদ্ধ' পরিস্থিতি ঠান্ডা হওয়ার নয় সে কথা বেশ আঁচ করা যাচ্ছে।
















