মোদির জন্য তৈরি চকলেটের ইন্ডিয়া গেট! ভারত পৌঁছনোর আগেই ভেঙে গেল উপহার, ফের পাঠানোর প্রতিশ্রুতি দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই অভিনব শিল্পকর্মটি আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসেবে তৈরি করা হয়েছিল। তবে ভারতে পৌঁছনোর আগেই যাত্রাপথে সেটি ভেঙে যায়। এবার সেই উপহার অক্ষত অবস্থায় ফের ভারতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিল বেলজিয়াম।

বেলজিয়ামের দূতাবাসের তরফে সমাজমাধ্যমে ওই চকোলেটের ইন্ডিয়া গেটের ছবি প্রকাশ করে গোটা ঘটনার কথা জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার ভারতে সফরের সময় মোদির হাতে এই বিশেষ উপহার তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রথম এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন ডে ওয়েভার। তাঁর কথায়, মোদীর জন্য ‘সেরা বেলজিয়ান চকোলেট’ দিয়ে ইন্ডিয়া গেটের একটি প্রতিরূপ তৈরি করা হয়েছিল। কিন্তু আসল ইন্ডিয়া গেট যেখানে প্রায় এক শতাব্দী ধরে দাঁড়িয়ে রয়েছে, সেখানে চকোলেটের তৈরি প্রতিরূপটি ভারতে আসা পর্যন্ত টিকতে পারেনি। রসিকতার সুরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, চকোলেট কূটনীতির জন্য দুর্দান্ত হলেও কূটনৈতিক সফরের ক্ষেত্রে ততটা সুবিধাজনক নয়।

তবে এখানেই শেষ নয়। ডে ওয়েভার জানিয়েছেন, একই ধরনের আরও একটি প্রতিরূপ এখনও বেলজিয়ামে রয়েছে। সেটিই এবার নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। বেলজিয়ামের দূতাবাসও জানিয়েছে, পরেরবার উপহারটি সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই ভারতে পৌঁছবে। উল্লেখ্য, ইন্ডিয়া গেটের প্রতিরূপ বেছে নেওয়ার পিছনে রয়েছে ঐতিহাসিক সম্পর্কের বার্তা। প্রথম বিশ্বযুদ্ধের সময় বহু ভারতীয় সেনা বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চলে গিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁদের সাহস ও আত্মত্যাগের স্মৃতিও এই উপহারের নকশায় তুলে ধরা হয়েছিল।

এই নিয়ে ডে ওয়েভারের বক্তব্য, এক শতাব্দীরও বেশি আগে ভারতীয় সেনারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বেলজিয়ামের মাটিতে লড়াই করেছিলেন। তাঁদের সেই আত্মত্যাগ দুই দেশের অভিন্ন ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে এই ইতিহাস শান্তির গুরুত্বের কথাও মনে করিয়ে দেয়।