তৃণমূল কংগ্রেসের (TMC) তহবিল থাকবে কার কাছে, রাজ্যের প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় খারিজ হয়ে গেল দ্রুত শুনানির আর্জি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) বেঞ্চে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত (Kishore Dutta) জানান, যেহেতু বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি নিজেই উপস্থিত রয়েছেন, তাই যাতে এদিন মামলা শোনা হয়। কিন্তু বিচারপতি সেই আর্জিতে আমল দেননি। তিনি বলেন, “এক দিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।” বুধবার দিন সলিসিটার জেনারেল তুষার মেহতা না থাকার কারণে মামলার পরবর্তী শুনানি দিন বৃহস্পতিবার ধার্য হয়েছে।
এদিন শুরুতেই তৃণমূলের আইনজীবী মামলার গুরুত্ব ব্যাখ্যা করে সেটি এগিয়ে আনার কথা বলতেই বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দেন, একদিনের ব্যবধানে অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। বৃহস্পতিবার এই সংক্রান্ত তদন্তের সব রিপোর্ট পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগের শুনানিতে অ্যাকাউন্ট ফ্রিজ করার দ্রুত সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। গত ২৮ জুন সন্ধে সাড়ে ৬টায় অভিযোগ দায়েরের পরের দিন সকালেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। অথচ তার আগে পর্যন্ত ওই তহবিল সংক্রান্ত কোনও অপরাধের যোগসূত্র সংক্রান্ত অভিযোগের রেকর্ড নেই। তাহলে তড়িঘড়ি এমন সিদ্ধান্ত কেন নেওয়া হল? তৃণমূলের আইনজীবী সিঙ্ভি আদালতকে জানিয়েছিলেন এভাবে কোনও রাজনৈতিক দলের আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট হঠাৎ করে বন্ধ করে দিলে সমস্যা হতে পারে। এই ঘটনায় শরৎ বোস রোডের বেসরকারি ব্যাঙ্কের হলফনামা তলব করেছে আদালত। এই মামলায় অন্তবর্তী নির্দেশ দেওয়ার আগে আগে ব্যাঙ্ক কতৃপক্ষের বক্তব্য জানতে চায় আদালত। ফলে আপাতত বৃহস্পতিবার পর্যন্তই অপেক্ষা করতে হবে সব পক্ষকে।
















