বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal) এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে হাজির বিশিষ্ট সংগীত শিল্পী পূর্ণদাস বাউল (Purnadas Baul)। বুধবার সকাল দশটা নাগাদ সল্টলেকের বিজেপি দফতরে পৌঁছে বর্ষীয়ান সঙ্গীতশিল্পী বলেন, ইলামবাজারের কামারপাড়া এলাকায় প্রায় চার বিঘা জমি দীর্ঘদিন ধরে সুকুল টুডু নামে এক ব্যক্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন। ওই ব্যক্তির সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগাযোগ আছে। একাধিকবার চেষ্টা করেও জমি পুনরুদ্ধার সম্ভাব হয়নি বলেই জানিয়েছেন তিনি। 

সঙ্গীতশিল্পীর ছেলের অভিযোগ, বিগত সরকারকে বারবার বলেও কোন কাজ হয়নি। তাই রাজ্যে পরিবর্তনের পর এবার বিজেপি মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা অনেক আশা নিয়ে এসেছেন। অনুব্রতর মতো প্রভাবশালী নেতার প্রত্যক্ষ মদত ছাড়া এ কাজ সম্ভব নয় বলেও অভিযোগ করেছেন পূর্ণদাসের ছেলে। জমি পুনরুদ্ধার করে সেখানে বাউল সংস্কৃতি প্রসার ও বাউলদের শিক্ষার ক্ষেত্রে আরো উন্নয়নমূলক কাজ করতে চায় পৃথিবী বিখ্যাত বাউল সম্রাটের পরিবার। তাই অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়েছেন পূর্ণদাস। 

প্রতি সপ্তাহে সাধারণ মানুষের নানা অভাব অভিযোগের কথা শুনতে সল্টলেকের বিজেপি দফতরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। 'জনতার দরবার' কর্মসূচির মাধ্যমে একাধিক সমস্যার সমাধান করেন তিনি। সাম্প্রতিক অতীতেও দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই দরবারে উপস্থিত হয়ে নিজেদের অভিযোগ জানিয়েছেন। বাদ পড়েননি সেলিব্রেটিরাও। বুধবার সেখানেই দেখা গেল পূর্ণদাস বাউলকে। রাজ্যে গেরুয়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও জেলাশাসককে নিজের অভিযোগের কথা জানিয়েছিলেন শিল্পী। কিন্তু এখনও কোনও সাড়া মেলেনি। এখন মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন কিনা সেটাই দেখার।