বুধবার রাজ্য বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন (Special Assembly Session) ডাকা হয়েছে। কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে ওয়ার্ড পুর্নবিন্যাস চায় রাজ্য সরকার। সেই সংক্রান্ত দুটি পৃথক সংশোধনী বিল আনা হবে। এই নিয়ে আলোচনায় শাসক ও বিরোধী দলের বিধায়করা অংশ নেবেন। আজ বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (CM Suvendu Adhikari)। সংশোধনী বিল প্রসঙ্গে তিনিও নিজের মতামত জানাবেন।

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ১৯৮০ (Kolkata Municipal Corporation Act 1980) এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ১৯৮০ (Howrah Municipal Corporation Act 1980) সংশোধনের জন্য পৃথক সংশোধনী বিল প্রকাশিত হয়েছে সরকারি গেজেটে। দুই ক্ষেত্রেই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কলকাতা পুরসভায় (KMC ) নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা বর্তমান ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ধারাগুলিতেও ১৪৪-এর পরিবর্তে ২০৯ কাউন্সিলরের উল্লেখ করার প্রস্তাব রাখা হয়েছে। 

অন্যদিকে, হাওড়া পুরসভাতেও নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার প্রস্তাব আনা হয়েছে। ৭ অগাস্ট প্রকাশিত দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬-এ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ১৯৮০-এর ৫ নম্বর ধারায় সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। এই বিলগুলি আইনে পরিণত হয়ে কার্যকর হলে নতুন ওয়ার্ড বিন্যাসের ভিত্তিতেই আগামী পুরভোট আয়োজনের সম্ভাবনা তৈরি হবে।