লক্ষ্মীবারে বিধানসভার দরবারে সরস্বতীর আলোচনা। বিশেষ অধিবেশনে আজ 'এক রাজ্য এক শিক্ষাব্যবস্থা নীতি' বিল আনতে চলেছে সরকার। 'দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬' পাশ হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) পূর্ব ঘোষণা মতোই উচ্চশিক্ষা দফতরের আওতায় আনা হবে আলিয়া বিশ্ববিদ্যালয়কে। 

চলতি সপ্তাহের গোড়াতেই মন্ত্রিসভার বৈঠকে এই বিলের কথা জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এরপর বুধবার গেরুয়ার সম্মান যাত্রা শেষে মঞ্চ থেকেও বিশেষ অধিবেশনের কথা বলেন। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী নতুন বিল মন্ত্রিসভায় পাশ হয়ে রাজ্যপালের কাছে চলে গেছে। এখন শুধু বিধানসভায় পেশ করার অপেক্ষা।বৃহস্পতিবারই এই বিল নিয়ে আসছে রাজ্য। জানা গিয়েছে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা এই বিলে থাকবে। 

আলোচ্য এই বিল ঘিরে শিক্ষ মহলে যথেষ্ট সাড়া পড়েছে। অনেকের প্রশ্ন, দীর্ঘদিন যাঁরা কলকাতা বা অন্য শহরের পুরনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন এই বিল অনুযায়ী তাঁদের নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে হবে। সেক্ষেত্রে এই বদলি পারস্পারিক সম্মতিতে হবে নাকি সরকারের ইচ্ছেমতো শিক্ষক-শিক্ষা কর্মীদের বদলি করা হবে তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।তাই 'দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬' বিলটি পেশ হওয়ার পর সব বিভ্রান্তি কাটবে বলেই আশা করা হচ্ছে। এতদিন পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন শিক্ষার ক্ষেত্রে কোনও ধর্মীয় ভেদাভেদ চলবে না। তাই সে ক্ষেত্রে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা দফতরের আওতায় আসা সময়ের অপেক্ষা মাত্র।