নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না, নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) কড়া বার্তার পর এবার সরাসরি অ্যাকশনে নামলো পুলিশ। রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ মতো ৬ এফআইআর দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সমাজমাধ্যমে দেশনায়ক বিরোধী ১০৮টি পোস্ট ডিলিট করা হয়েছে বলে খবর মিলেছে।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, নেতাজিকে অসম্মান করার ক্ষেত্রে কোনও ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না।সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমানজনক মন্তব্য বা বিভ্রান্তিকর প্রচার করলে এবার কড়া পদক্ষেপ নেবে পুলিশ। শুভেন্দু যে শুধু কথার কথা বলেন না, দ্রুত তা কাজে করেও দেখান তা ফের একবার প্রমাণিত হল। যদিও অনন্ত মহারাজকে আদৌ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনও কড়া শাস্তি দেওয়া হয় কিনা তা নিয়ে সন্দিহান বিরোধীরা। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন নেতাজির অপমান হলে কঠোর আইনি পদক্ষেপ করে দোষীকে শাস্তি দিতে হবে। সেক্ষেত্রে দল বা রং দেখে বিচার করা হবে না। সেইমতো কাজ শুরু করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।
















