বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনে (SIR) নাম বাদ যাওয়া ভোটারদের আবেদনের নিষ্পত্তি করতে ট্রাইব্যুনালকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভোট পেরিয়ে তিন মাস কেটে গেল এখনও পর্যন্ত SIR ট্রাইব্যুনালের কাজ শেষ করা গেল না। মঙ্গলবার এই মামলার শুনানিতে অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত (CJI Surya Kant)। তাঁর মন্তব্য, 'এই গতিতে কাজ চললে আগামী নির্বাচনের আগেও নিষ্পত্তির সম্পূর্ণ হবে না।'
তৃণমূল কংগ্রেসের তরফে ভোটের আগে থেকেই অভিযোগ করা হয়েছিল যে কমিশন বিজেপির (BJP) নির্দেশ মতো উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ লক্ষ নাম বাদ দিয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সওয়াল করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্রাইব্যুনালের গঠন করে বৈধ ভোটারদের আবেদনের নিষ্পত্তি করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এরপর ভোট মিটেছে,পরিবর্তনের বাংলায় নতুন সরকারের তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে, তবু নামের নিষ্পত্তি হল না। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) মুর্শিদাবাদ এবং লাগোয়া মালদহ জেলায় অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠনের আবেদন নিয়ে মামলা করেন, কারণ ওই দুই জেলায় আবেদনকারীর সংখ্যা বেশি। সেই মামলার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে অধীরের আইনজীবী ফিরদৌস শামিম ওই সংক্রান্ত তথ্য দেন আদালতে। বিচারপতি বাগচী বলেন, যেহেতু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে তাই মামলার সংখ্যা বেশি হলে এবং নিষ্পত্তির গতি যদি না-থাকে, তবে নতুন করে ট্রাইব্যুনাল সাজানোর কথা ভাবতে হবে। এ বার বিশেষ গুরুত্ব দিতে হবে। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, ‘‘কাজ হচ্ছে কি হচ্ছে না, সেটা শুধু আপনারা বললেই হবে না। আমাদেরও দেখা দরকার। কারণ, ট্রাইব্যুনাল গঠন করেছি আমরাই। নিষ্পত্তির কাজ দ্রুত না হলে তো পরের ভোট চলে আসবে।’’
এদিন শুনানিতে কমিশনের আইনজীবী জানান, ট্রাইব্যুনালের কাঠামো বদল সংক্রান্ত কোনও নির্দেশ যদি শীর্ষ আদালত দেয় তাহলে সেই মতো পদক্ষেপ করা যেতে পারে। বিচারপতি বাগচীর পরামর্শ,অনলাইনে তথ্য আপডেট করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজে গতি আনতে হবে। পাশাপাশি এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি হয়েছে তা সুপ্রিম কোর্টে (SC) জমা করার নির্দেশও দেয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
















