‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার’ (FSSAI) তরফ থেকে ডাবরের একাধিক পণ্যের উপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল তাতে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। ১০০ শতাংশ জৈব বলে দাবি করা ডাবর ইন্ডিয়া লিমিটেডের পণ্য বিক্রি করতে বারণ করা হয়েছিল FSSAI-র তরফ থেকে। এই নির্দেশের বিরোধিতা করে আদালতে যায় কোম্পানি। শুক্রবার আদালত নিষেধাজ্ঞায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ায় আপাতত স্বস্তি মিলল ডাবরের।
দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজন জানিয়েছেন পরবর্তী শুনানি হাওয়া পর্যন্ত খাদ্য নিয়ন্ত্রক সংস্থার নিদের্শ কার্যকরী হবে না। এর আগে Dabur অভিযোগ করেছিল যে FSSAI আগাম কোনও শো কজ নোটিশ ছাড়াই নিষেধাজ্ঞা জারি করে। কোম্পানিকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি। এই নির্দেশিকার জেরে সরাসরি বাণিজ্যিক প্রভাব পড়েছে বলেও ডাবল দাবী করেছিল। আদালত জানায়, এইভাবে কোনও সংস্থাকে কিছু বলার সুযোগ না দিয়ে এই ধরনের নির্দেশ জারি করা যায় না। দুসপ্তাহ পরে ফের শুনানির দিন ধার্য করা হয়েছে। সব পক্ষকে নোটিশ দিতে বলেছে আদালত।
















