জঙ্গি হামিম মণ্ডলের (Terrorist Hamim Mondal) গ্রেফতাতির চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই এবার তার বাঙালি বান্ধবী অর্পিতা সরকারকে (Arpita Sarkar) গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ (WB STF) । পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে শনিবার সকালে তাকে বর্ধমানের আনা হয়েছে বলে খবর। বঙ্গতনয়াকে হানি ট্র্যাপের কাজে লাগানো হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আজ দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজর রাখা জইশ জঙ্গির মোবাইল নেটওয়ার্ক থেকে একাধিক পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের তথ্য মিলেছে। দুবাইয়ে আইএসআইয়ের কাছ থেকে অর্ডার মিলেছিল মুখ্যমন্ত্রী সম্পর্কিত সব তথ্য যোগাড় করার। তার whatsapp চ্যাট থেকে জানা যায় অর্পিতার কথা।ওই তরুণী ঝাড়খণ্ডের বারহাওড় এলাকার বাসিন্দা। এসটিএফের তদন্তকারীদের হাতে আসা তথ্য বলছে, জইশ জঙ্গি হামিমের মূল টার্গেট ছিলেন বাংলার রাজনীতিবিদরা। বিভিন্ন প্রভাবশালী নেতা-নেত্রীদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করেছিলেন অর্পিতা, যার ফলে তাঁদের ব্যক্তিগত তথ্য সহজেই জঙ্গি হামিমের কাছে পৌঁছে যেত। এর উপর ভিত্তি করে হামলার পরিকল্পনা তৈরি করা হত বলে প্রাথমিক অনুমান।