শনিবার থেকে দেশজুড়ে শুরু হল জনগণনা (Census)। ষোড়শ সেন্সাসের সূচনায় নিজের হাতেই ডিজিটাল পদ্ধতিতে সেল্ফ এনুমারেশন (Self Enumeration) করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জানিয়ে দিলেন, এই পদ্ধতিতে ব্যক্তিগত তথ্য অপব্যবহারের কোনও সুযোগ নেই। জনকল্যাণে জনগণনার অগ্রিম সাফল্যও কামনা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
দেশজুড়ে দুই ধাপে জনগণনার কাজ শুরু হল। এদিন বিধাননগর থেকে ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় সূচনা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে (Nabanna ) বসে নিজে ল্যাপটপ নিয়ে সেল্ফ এনুমারেশন করেন। বলেন, এই তথ্য সম্পূর্ণ গোপনীয় এবং আইনগতভাবে সুরক্ষিত থাকবে। কোনভাবেই তথ্য বাইরে আসবে না। তিনি জানান, এর মাধ্যমে নাগরিকদের স্থায়ী রেকর্ড তৈরি হয়ে যাবে, ফলে ভবিষ্যতে মানুষকে আর লাইন দিতে হবে না। অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা শুভেন্দু বলেন, অনুপ্রবেশকারী ও শরণার্থী দুটি আলাদা বিষয়। সরকার কোনভাবেই অনুপ্রবেশকারীদের খাওয়াবে না। তাঁদের চলে যেতে হবে। মুখ্যমন্ত্রী জানান, যাঁরা ভোটার হিসেবে এখনও কোনও দাবিই করেনি, তাঁরা পরবর্তীতে ভারতীয় নাগরিক হিসেবে দাবি পেশ করবেন কি না, তা পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়।
শুভেন্দু এদিন বলেন, “এবারের সেন্সাসে দু’টি গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল প্রক্রিয়ায় হচ্ছে জনগণনা। আবার স্বগণনাও করতে পারবেন বঙ্গবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিজে করলাম। Census কর্মীদের সহযোগিতা করার আবেদন করছি।" এরপরই পরিসংখ্যান তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানান, জনগণনার কাজে ৩,৪০০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। মোট ১৪,৩৯৯ জন নিযুক্ত রয়েছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জনগনের জনকল্যাণ ও বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমসুমারি সফল হোক, সেটাই চাইছি।”
















