প্রচন্ড গরমের মধ্যে আকস্মিক বন্যা কেরলমে (keralam flood)। রবিবার কোট্টায়াম, ইদুক্কি এবং মালাপ্পুরম জেলায় বন্যা ও ভূমিধসে মৃত্যু হল ৭ জনের৷ বৃষ্টির তীব্রতা বাড়তেই কেরলমের মুখ্যমন্ত্রী সতীশন আধিকারিকদের প্রতি ঘণ্টায় পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
সোমবার সকালের পূর্বাভাস, ৬টি জেলা-কোট্টায়াম, ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশূর, মালাপ্পুরম এবং পালক্কাদ- ‘অরেঞ্জ অ্যালার্ট’-এর সতর্কতা রয়েছে। একইসঙ্গে মৌসম ভবন বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন: প্রতীক ফ্রিজ ইস্যুতে কমিশনের বিরুদ্ধে মামলা মমতার, দ্রুত শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট
কোল্লাম, পালক্কাদ ও কান্নুরের বিচ্ছিন্ন কিছু জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নীলাম্বুরের আম্বারাম্বালামের টিকে কলোনি এলাকায় স্রোতের তোড়ে পাঁচজন ভেসে গিয়েছেন। এরপরই মুখ্যমন্ত্রী ওই এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি বিশেষ দল মোতায়েনের জরুরি নির্দেশ দেন।
ভূমিধস-প্রবণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্ব বিভাগের আধিকারিকদের। এছাড়া, পাহাড়ি এলাকায় রাতে ভ্রমণ না করার জন্য জনসাধারণকে কঠোরভাবে সতর্ক করেছে কর্তৃপক্ষ। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব জেলায় কন্ট্রোল রুম খোলা এবং বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে (keralam flood)।
আরও পড়ুন: নিরামিষাশী ভারত এক মিথ! একাধিক রাজ্যে প্রায় শতভাগ মানুষই আমিষপ্রিয়, দাবি সমীক্ষায়
নদী ও অন্যান্য জলাশয়ে জলস্তর বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বর্তমানে পুলিশ, ফায়ার ফোর্স এবং রাজস্ব বিভাগের সমন্বয়ে ত্রাণ বিলির কাজ চলছে।
















