এতদিন ককরোচ জনতা পার্টির (CJP) বিরুদ্ধে একই অভিযোগ তুলছিল বিজেপি (BJP)। এবার কার্যত সেই প্রশ্নই উঠল কংগ্রেসের (Congress) শিবির থেকেও। আপের প্রতি সিজেপির ‘বন্ধুত্বপূর্ণ’ মনোভাব রয়েছে কি না, তা নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করলেন শচীন পাইলট (Sachin Pilot)।
রাজস্থানে (Rajasthan) বিভিন্ন স্কুল পরিদর্শনে গিয়ে সিজেপি নেতারা একের পর এক অব্যবস্থার ছবি তুলে ধরেছেন। কোথাও স্কুলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে, কোথাও আবার স্কুলের জায়গায় আস্তাবল ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। কিন্তু ছবিটা বদলে গিয়েছে পাঞ্জাবে (Punjab)। সেখানে স্কুল পরিদর্শনে গিয়ে সিজেপি নেতাদের সামনে এসেছে অনেক বেশি ইতিবাচক ছবি। ভালো পরিকাঠামো, উন্নত পরিষেবা, এমনকী কোনও কোনও স্কুলে সুইমিং পুলের ব্যবস্থার কথাও সামনে এসেছে। আর এই বৈপরীত্য থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন: সুরাপ্রেমীদের ভিড় জমবে হাসপাতালে! ১৩ দিন মদ-বন্ধে পুনে প্রশাসনকে তুলোধোনা বম্বে হাইকোর্টের
অতীতে সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে বৈঠকে বসেছে কাকরোচরা। আপের সঙ্গেও সিজেপির সখ্যতার কথা উঠে এসেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গেও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলেছে সিজেপি। দেশজুড়ে প্রায় প্রত্যেকটি আঞ্চলিক দলের সঙ্গে যোগাযোগ ও ভালো সম্পর্ক রেখে এগোচ্ছে কাকরোচরা। যা দেখে কংগ্রেসের কপালে ভাঁজ পড়েছে।
বিজেপি-বিরোধী শক্তির মুখ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে মরিয়া কংগ্রেস। কংগ্রেসই যে ইন্ডিয়া (INDIA) অর্থাৎ বিরোধী জোটের মাথা, সেই তত্ত্বকে প্রতিষ্ঠা করতে বাধা দিচ্ছে সিজেপি। আর তা নিয়েই আপত্তি কংগ্রেস নেতৃত্বের।
আরও পড়ুন: মোদির গ্যারান্টিতেই জয়, বাংলায় বিনিয়োগ টানতে শিল্পবান্ধব রাজ্যের বার্তা মুখ্যমন্ত্রীর
বিজেপির অভিযোগ ছিল, পাঞ্জাবে স্কুল অডিট করার ক্ষেত্রে সিজেপি বেছে বেছে ভালো স্কুলগুলিতেই যাচ্ছে। তাদের দাবি, আপ-শাসিত রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র সামনে আনা হচ্ছে না। এবার সেই অভিযোগের সঙ্গেই সুর মিলল কংগ্রেসের। সম্প্রতি পাঞ্জাবের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন শচীন পাইলট। তিনি নিজে রাজস্থানের রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে দুই রাজ্যের স্কুল পরিদর্শনের ফলাফল নিয়ে তুলনা তাঁর নজর এড়ায়নি। তাঁর বক্তব্যেও উঠে এসেছে একই প্রশ্ন। রাজস্থানে যে মানদণ্ডে স্কুলের খুঁত খোঁজা হচ্ছে, পাঞ্জাবেও কি ঠিক সেই একই মাপকাঠি প্রয়োগ করা হচ্ছে?
কংগ্রেস নেতার বক্তব্য, স্কুল অডিট বা পরিদর্শনের বিরোধিতা তাঁরা করছেন না। কিন্তু যে রাজ্যেই পরিদর্শন হোক, মূল্যায়নের পদ্ধতি যেন একই থাকে। তাঁর কথায়, পাঞ্জাবকে যেন কোনও ‘বিশেষ সুবিধা’ দেওয়া না হয় এবং আপের ক্ষেত্রেও কোনও বন্ধুত্বপূর্ণ মনোভাব যেন কাজ না করে। এই মন্তব্যের পরেই ফের আলোচনায় আপ ও সিজেপির পুরনো সম্পর্কের প্রসঙ্গ। সিজেপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার অতীতে আপের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ছিল। অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কার মতো নেতাদের অতীতে আপের সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও রাজনৈতিক মহলে চর্চিত।
राजस्थान में ऑडिट किया तो 'तबेले' में स्कूल मिली! पंजाब में ऑडिट किया तो स्कूल में 'स्विमिंग पूल' मिला! गजब की ऑडिट हो रही है यार इन लोगों की, सौरव भाई जनता को मूर्ख मत समझो, मत धूल झोंको यार जनता की आंखो में... तुमको जो करना हो करो, बस देश के युवाओं की भावनाओं से मत खेलो यार...! इसलिए रविश कुमार का एक डायलॉग याद आता है कि- "भारत एक ठग प्रधान देश है"... फिर एक बार GenZ को ठगा जा रहा है! जागो ग्राहक जागो! #CJP #GenZ @abhijeet_dipke @AshutoshRanka @ravish_journo
— Nirmal Pareek (@nirmal_pareek93) September 10, 2026
এমনকী দিল্লিতে সিজেপির আন্দোলনের সময় আপের তরফে তাদের পাশে থাকার আশ্বাস উঠে এসেছিল। এতদিন মূলত বিজেপিই এই সম্পর্ককে সামনে এনে সিজেপির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলত। এবার কংগ্রেসের শীর্ষস্তরের নেতার মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। সিজেপি কি সত্যিই সব রাজ্যের জন্য একই মাপকাঠি ব্যবহার করছে, নাকি আপের ক্ষেত্রে তাদের অবস্থান কিছুটা আলাদা? এনিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
















