ব্যাঙ্ক কর্মীদের তিন দিনের ধর্মঘট শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। তাই ২৭ সেপ্টেম্বর, রবিবারও দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে ধর্মঘট শুরুর আগে জরুরি ব্যাঙ্কের কাজ সেরে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) অনুমোদন নিয়েই এই ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: সায়নের উপর হামলা! বারুইপুর আদালত-কাণ্ডে SP-জেলা জজের রিপোর্ট তলব হাই কোর্টের

ব্যাঙ্কিং ক্ষেত্রে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর দাবিই এই ধর্মঘটের অন্যতম প্রধান কারণ। ২৬ সেপ্টেম্বর শনিবারের পর ২৭ সেপ্টেম্বর রবিবার। সাধারণ নিয়মে এই দু’দিন শাখাভিত্তিক পরিষেবা বন্ধ থাকার কথা। তার পরই টানা তিন দিনের ধর্মঘট। অর্থাৎ, কোনও গ্রাহকের শাখায় গিয়ে কাজ থাকলে কার্যত পাঁচ দিনের ব্যবধান তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহক, দু’পক্ষের ক্ষেত্রেই বিষয়টি চিন্তার।

সেই পরিস্থিতিতেই রবিবার ব্যাঙ্ক খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ২৭ সেপ্টেম্বর সাধারণ শাখাগুলির পাশাপাশি প্রশাসনিক অফিস এবং কারেন্সি চেস্টও খোলা থাকবে। শুধু শাখা খুলে রাখাই নয়, এটিএমগুলিতে পর্যাপ্ত নগদ মজুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে। ফলে ধর্মঘট শুরুর আগে গ্রাহকদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: শাহরুখকে বিছানায় চান গোবিন্দাপত্নী! সুনীতার মন্তব্যে বলিউডে গুঞ্জন

তবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের ধর্মঘট হলে শাখাভিত্তিক পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা থাকছে। সেই সময় ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং চালু থাকবে। কিন্তু নগদ জমা বা তোলার মতো শাখানির্ভর কাজ, চেক ক্লিয়ারিং এবং সরাসরি ব্যাঙ্কে গিয়ে করতে হয় এমন পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে।

এদিকে ধর্মঘটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারের তরফে ইউনিয়নগুলির কাছে আবেদন জানানো হয়েছে। অর্থ মন্ত্রকের বক্তব্য, ইউনিয়নগুলির একাধিক দাবির মধ্যে পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই সংক্রান্ত একটি দাবি ইতিমধ্যেই স্থগিত রাখা হয়েছে। পাঁচ দিনের কর্মসপ্তাহের বিষয়টিও আলোচনার পর্যায়ে রয়েছে।