নির্ভয়ার ধাঁচে এবার নাবালিকাকে (১৫) ধর্ষণ করে খুনের অভিযোগ অসমে! বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে তলানিতে গিয়ে ঠেকেছে তার ফের প্রমাণ। ঘটনাটি ঘটেছে ডবল ইঞ্জিন অসমের হাইলাকান্দি জেলায়। নাবালিকার দেহ এত বীভৎস অবস্থায় ছিল যে নিজের পরিবারের লোকেরাই তাঁকে চিনে উঠতে পারছিল না। এই ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছে রাজ্যজুড়ে। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুলিশি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে। অন্য রাজ্যে গিয়ে নিজের রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বড়াই করেন মুখ্যমন্ত্রী। কিন্তু নিজের রাজ্যের বেহাল দশা নিয়ে এখন স্পিকটি নট হিমন্ত।  

আরও পড়ুন: পৈতৃক সম্পত্তি আড়াই বছরের নাতির নামে! নৃশংসকাণ্ড রাগে অন্ধ বাবার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাড়ি পিকনিকে গিয়েছিল ওই কিশোরী। পরিবারের দাবি, সেখানে এক আত্মীয়ের সঙ্গে সামান্য বচসার জেরে সে একা বাড়ি ফিরে আসে। এরপর রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন, ঘরের মেঝেতে পড়ে রয়েছে মেয়েটির রক্তাক্ত দেহ।

পুলিশ জানিয়েছে, নাবালিকার মাথা-মুখ নৃশংসভাবে থেঁতলে দেওয়া হয়েছে। এমনকি গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া অত্যন্ত অমানবিক ও নৃশংসভাবে তাঁকে খুন করা হয়েছে! পরিবারের অভিযোগ, খুনের আগে তাঁকে নির্মমভাবে ধর্ষণ করা হয়। ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: SIR-এ নাম বাদে আটকে PHD-তে ভর্তি! কী নির্দেশ হাই কোর্টের

হাইলাকান্দির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) অমিতাভ সিনহা জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ৪ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। যদি যৌন নির্যাতনের বিষয়ে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। SSP জানিয়েছেন, "পরিবারের দাবি অনুযায়ী যৌন নির্যাতন চালানো হয়ে থাকতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারব।"