এর আগে বহু বিতর্কিত নিদান দিয়েছিলেন মিম (AIMIM) প্রধান। বিরোধীদের চ্যালেঞ্জ থেকে শুরু করে, রাজনৈতিক আক্রমণ, বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। তবে এবার তিনি ধরা দিলেন অন্য মেজাজে। কানপুরের নির্বাচনী প্রচারে ‘লাভ গুরু’ হয়ে উঠলেন আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। রবিবার কানপুরে জনসভায় রাজনৈতিক বক্তব্যের মধ্যেই হঠাৎই দাম্পত্য জীবন নিয়ে পরামর্শ দিলেন AIMIM প্রধান। সুখী থাকতে ওয়েইসির সহজ টোটকা, স্ত্রীকে দিনে তিন বার বলতে হবে, "আই লাভ ইউ"। ওয়েইসির এই মন্তব্য ঘিরেই এখন সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন: ডেঙ্গি-সচেতনতা প্রচারে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরাই
রবিবার কানপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিবাহিত পুরুষদের উদ্দেশে ওয়েইসি বলেন, সংসারে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি না করে স্বামী-স্ত্রীর উচিত পরস্পরের প্রতি ভালবাসা প্রকাশ করা। কী ভাবে? তাঁর পরামর্শ, সকালে, দুপুরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে স্ত্রীর চোখে চোখ রেখে বলতে হবে, "আই লাভ ইউ, মাই ডিয়ার"। তাঁর কথায়, দিনের এই তিন সময়ে ভালবাসার কথা বললে বাড়ির পরিবেশ ভাল থাকবে এবং স্বামী-স্ত্রীর সম্পর্কও আরও মজবুত হবে।
আরও পড়ুন: পাঁচতারা হোটেলে টেবিলে ‘রোচি’! JW Marriott-কে কড়া বার্তা চিকিৎসক অশোক শেঠের
এর পরেই অবশ্য বক্তব্যের সুর বদলে যায়। দাম্পত্য টোটকা থেকে সরাসরি ধর্মীয় আঙ্গিকে চলে আসেন AIMIM প্রধান। "আই লাভ মহম্মদ" স্লোগান দেন মিম প্রধান। 'মিম'-কে ভালবাসলে তা প্রকাশ্যে জানানোর কথাও বলেন তিনি। কানপুর ক্যান্টনমেন্ট কেন্দ্র নিয়েও এ দিন দলের পরিকল্পনা জানান ওয়েইসি। আসন্ন নির্বাচনে ওই আসনে মিম প্রার্থী দেবে বলে ঘোষণা করেন তিনি।
Apni Biwi se mohabbat karo aur mohabbat ka izhaar bhi karo : Barrister @asadowaisi pic.twitter.com/BnwjVFL0Mt
— AIMIM (@aimim_national) September 21, 2026
এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আবেদন জানান ওয়েইসি। জোটের বিষয়ে ২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবে মিম। তার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন AIMIM প্রধান। তবে তাঁর এই আহ্বানে অন্য বিরোধী দলগুলি সাড়া দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
















