ডেঙ্গি (Dengue) মোকাবিলায় প্রচারে নেমে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সোমবার চিৎপুরে ডেঙ্গি প্রতিরোধের প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। কর্মসূচি শেষ করে বেরোনোর সময় তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ। দীর্ঘদিন ধরে বেতন না বাড়ার অভিযোগ নিয়ে এদিন সরব হন তাঁরা। 

আরও পড়ুন: কত দাম আজ সোনা রুপোর দেখে নিন এক নজরে

বিক্ষোভকারীদের বক্তব্য, পুরসভার স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন কাজে তাঁরা নিয়মিত দায়িত্ব পালন করলেও তাঁদের পারিশ্রমিক এখনও দিনে ৩০৩ টাকা। কাজের তুলনায় এই টাকা যথেষ্ট নয় বলেই দাবি কর্মীদের। সেই কারণেই মন্ত্রীর সামনে নিজেদের দাবির কথা তুলে ধরেন তাঁরা।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে অগ্নিমিত্রা জানান, স্বাস্থ্যকর্মীদের সমস্যার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। তবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিও বিবেচনায় রাখতে হবে বলে জানান তিনি। এদিন অগ্নিমিত্ৰা বলেন, "ওঁরা দিনে ৩০৩ টাকা পান। আমরা বেতন বৃদ্ধির চেষ্টা করব। কারও বেতন বন্ধ হয়নি। এই সরকারের আমলে কারও বেতন বন্ধ হবে না। বরং বাড়বে।”

আরও পড়ুন: গ্রেফতার আরও এক কর্মী, উপনির্বাচনের আগে কমিশনের দ্বারস্থ হুমায়ুন

তবে একই সঙ্গে রাজ্যের কোষাগারের পরিস্থিতির কথাও মনে করিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর কথায় , আগের সরকারের রেখে যাওয়া দেনার পাশাপাশি বর্তমানে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালাতে হচ্ছে। মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ফলে সব দিক বিবেচনা করেই অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।