আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় (India, Pakistani naval ships) যুদ্ধজাহাজে ধাক্কা মেরেছে পাকিস্তানের রণতরী। এ নিয়ে পাকিস্তানকে রীতিমতো তুলোধনা করেছে ভারত। একইসঙ্গে ভারতে ইসলামাবাদের প্রতিনিধিকে তলব করেছে নয়াদিল্লি।

সন্ত্রাসবাদ নিয়ে টানাপোড়েনের উত্তেজনার মধ্যেই ভারতীয় যুদ্ধজাহাজে (India, Pakistani naval ships) ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাল দুই দেশের সম্পর্ক। ঘটনায় ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক স্তরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক বিস্ফোরণ, তদন্তে পুলিশ

মঙ্গলবার রাতে  আরব সাগরের উত্তরে, আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনী এবং পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে ধাক্কা লাগে। দিল্লি সূত্রে খবর, অন্য দিনের মতোই সেখানে টহল দিচ্ছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজটি। সেই সময় পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটি এসে সজোরে ধাক্কা মারে। পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটির গতি অত্য়ন্ত বেশি ছিল এবং বিপজ্জনক ভাবে ধেয়ে অসে ধাক্কা মারে বলে অভিযোগ। 

দিল্লিতে পাক প্রতিনিধিকে ডেকে সেই মর্মে প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। বলা হয়েছে, পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটি 'বিপজ্জনক' ভাবে ছুটছিল।  বিবৃতি দিয়ে বলা হয়েছে,  পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটির আচরণ ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। ওই চুক্তি অনুযায়ী, সামরিক মহড়া, রণকৌশলগত অনুশীলন বা সৈনিক চলাচলের বিষয়ে আগাম নোটিশ দিতে হয়। এক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ না করে সরাসরি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি নৌবাহিনী। 

আরও পড়ুন: জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ! জীবিকা বাঁচাতে সরব মৎস্যজীবীরা

এই সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পাকিস্তানি নৌবাহিনীর আচরণকে 'অগ্রহণযোগ্য ও অপেশাদার' বলে চরম নিন্দা করেছে ভারত। এই মুহূর্তে ইসলামাবাদে মোতায়েন থাকা ভারতের প্রতিনিধিকেও পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে অনুরূপ প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির তরফে।