উত্তর ভারতের দুর্যোগ যেন কাটতেই চাইছে না। ভারী বৃষ্টিতে সিকিমে ফের ভয়াবহ ধস (Landslide in Sikkim), একাধিক রাস্তার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বিপাকে পড়েছেন পর্যটক থেকে সাধারণ মানুষ। প্রবল বৃষ্টিতে বাড়ছে তিস্তার (Teesta River) জলস্তর। এই অবস্থায় ভূমিধসের জেরে নদীর গতিপথ আটকে গেলে হড়পা বানের বড় বিপদের আশঙ্কা সিকিমে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজো, ১০ হাজার প্রবীণদের নিয়ে বিশেষ ‘প্রিভিউ ট্যুর’ আদানির
প্রশাসন সূত্রে জানা গিয়েছে পশ্চিম সিকিমের ইউকসম-তাশিডিং নির্বাচনী এলাকার রিম্বি-ইউকসম প্রধান সড়কে (Rimbi Yuksom road) বড়সড় ভূমিধস নেমেছে। পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ায় পাথর আর কাদার স্রোতে রিম্বির (Rimbi) সঙ্গে ইউকসম এবং খেচুপরির যোগাযোগকারী প্রধান রাস্তা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা ঢাকা পড়েছে ধ্বংসস্তূপে। এই অবস্থায় গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, রাস্তার আশপাশের জায়গাগুলো দিয়েও হাঁটাচলা দুষ্কর হয়ে পড়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী উদ্ধারকাজ শুরু হতে না হতেই প্রবল বৃষ্টি নামায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: সক্রিয় হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সম্ভাবনা!
ইতিমধ্যেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন আবহবিদ থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। পর্যটকদের সতর্ক করা হয়েছে। রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে কাদার স্রোত। স্থানীয় মানুষেরা বলছেন প্রত্যেক বছর বর্ষার সময় এই সমস্যা দেখা দেয়। পাহাড়ের যে অংশ থেকে ধস নেমেছে তার নিম্নবর্তী এলাকায় বেশ কয়েকটি বাড়ি রয়েছে যেগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। এলাকাবাসী বলছেন শুধুমাত্র ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করলেই হবে না বরং এই ধরনের সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। রিম্বি-ইউকসম সড়কটি পর্যটকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের দিয়ে রাস্তার পাশের বিপদজনক ঢাল পরীক্ষা করার দাবি তুলছেন স্থানীয়রা। রবিবারের ধসের জেরে অবরুদ্ধ হয়ে যাওয়া তিস্তা নদীর গতিপথ খুলে দেওয়া হলেও যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি দুর্যোগ কাটছে ততক্ষণ নিশ্চিন্ত থাকতে পারছেন না প্রশাসনিক কর্তারা।
















